মৃত্যুর দুই সপ্তাহ আগে কিছু খেতে পারেনি সেই অন্তঃসত্ত্বা হাতিটি

আপডেট : ০৬ জুন ২০২০, ০০:৩৮

বিপুল পরিমাণ খাবার বোঝাতে ব্যবহার হয় ‘হাতির খোরাক’। কিন্তু সেই হাতিই যদি খাবার খেতে না পারে? পরিণাম যা হওয়ার তাই হয়েছে। বিস্ফোরকভর্তি আনারস খেয়ে মুখে বিস্ফোরণের পর থেকে দুই সপ্তাহ কিছু খেতেই পারেনি। এমনকি পানি পর্যন্ত নয়। ক্ষুধা আর তৃষ্ণায় নদীর পানির মধ্যেই ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েছে হাতিটি। গতকাল শুক্রবার ময়নাতদন্তের রিপোর্ট আসার পর উঠে আসে এই ভয়ঙ্কর তথ্য। মান্নারকড় বন বিভাগের তিরুভাইজামুকুন্ন বিট অফিসে করা ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মুখে বিস্ফোরণের জেরে তৈরি হওয়া ক্ষত থেকে স্থানীয়ভাবে সংক্রমণ ছড়িয়েছিল। তার জেরেই খাবার খেতে পারেনি হাতিটি। আর পেটে থাকা হাতির ভ্রুণটির বয়স হয়েছিল দু’মাস। কেরালার মল্লপ্পুরমে এই ঘটনাটি ঘটে। —আনন্দবাজার পত্রিকা