মানিকছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফের শীর্ষ সন্ত্রাসী অপু আটক

আপডেট : ০৬ জুন ২০২০, ১৩:০০

জেলার মানিকছড়ি, গুইমারা ও রামগড় উপজেলার গ্রামগঞ্জ ও হাট-বাজারের ত্রাস হিসেবে পরিচিত ইউপিডিএফের রামগড় ইউনিটের সংগঠক একাধিক মামলার আসামি ক্যাপসিরাই ত্রিপুরা অপু (৪২) যৌথবাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন। তিনি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার রাজেন্দ্র কার্বারী পাড়ার বাসিন্দা ক্ষীরেন্দ্র ত্রিপুরার ছেলে বলে জানা গেছে। এদিকে ইউপিডিএফের প্রচার সম্পাদক নিরন চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠক অপুকে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মুক্তির দাবী জানানো হয়েছে।

যৌথবাহিনীর হাতে আটকের পর তার দেয়া তথ্য মতে পৃথক একটি আস্তানা থেকে যৌথবাহিনী ১টি এলজি ও ৩ রাউন্ড গুলিসহ বেশকিছু চাঁদা আদায়ের রশিদ বই, প্রায় ৪০ হাজার নগদ টাকা, ছয়টি মোবাইল ফোন, ব্যাগ ও ব্যবহারের কাপড়, সংগঠনের ব্যানার, চার শতাধিক লিফলেট এবং গুরুত্বপূর্ণ দলিল দস্তাবেজ উদ্ধার করেছে।

মানিকছড়ি থানা পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘ ১ যুগের অধিককাল ধরে মানিকছড়ি, গুইমারা ও রামগড় উপজেলার বাটনাতলী ও পাতাছড়া ইউনিয়নের প্রায় ১৫/২০টি গ্রামের নির্জন জনপদে ইউপিডিএফ রামগড় ইউনিটের এই সংগঠক তার দলবল নিয়ে আধিপত্য বিস্তারের মাধ্যমে ত্রাস সৃষ্টি করে ব্যাপকভাবে চাঁদাবাজি করে আসছিল। ক্যাপসিরাই ত্রিপুরা অপু ১৯৯৯ সালে ইউপিডিএফের সাথে সম্পৃক্ত হয়ে সংগঠনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করে।

সাম্প্রতিক সময়ে গ্রাম ও হাট-বাজারের লোকজনের উপর ব্যাপক চাঁদাবাজিসহ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালনার খবর নিশ্চিত হয়ে মানিকছড়ির বাটনাতলী ক্যাম্পের সেনাবাহিনী এসকল জনপদে টহল জোরদারের পাশাপাশি জানমালের নিরাপত্তা বৃদ্ধির পদক্ষেপ নেয়। গত বৃহস্পতিবার বিকেলে রামগড় উপজেলার নাভাঙ্গা নামক এলাকায় ইউপিডিএফ সন্ত্রাসীরা চাঁদাবাজির উদ্দেশ্যে সংগঠিত হচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে বাটনাতলী সেনা ক্যাম্পের একটি টহল দল অভিযান পরিচালনা করে ক্যাপসিরাই কে আটক করতে সক্ষম হলেও তার অপরাপর সহযোগীরা গভীর জঙ্গলে পালিয়ে যায়।

এদিকে, আটক ক্যাপসিরাইকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে গতকাল শুক্রবার বিকেলে মানিকছড়ি উপজেলার জামতলা এলাকায় ইউপিডিএফ’র পৃথক একটি আস্তানায় অভিযান পরিচালনা করেন যৌথবাহিনী। এই আস্তানা থেকে উদ্ধারকৃত অস্ত্র, গুলি ম্যাগজিন ও সকল সরঞ্জামাদিসহ গতকাল শুক্রবার ক্যাপসিরাইকে মানিকছড়ি থানায় হস্তান্তর করা হয়। আজ শনিবার সকালে তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মানিকছড়ি থানায় অস্ত্র, সন্ত্রাস দমন ও চাঁদাবাজি আইনে মামলা দায়ের করা হয়েছে। (মামলা নং ৩ তারিখ-৬ জুন-২০২০) মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ আমির হোসেন বিষয়টি স্বীকার করে সাংবাদিকদের বলেছেন, আটক ইউপিডিএফ সংগঠক ক্যাপসিরাই একাধিক মামলার আসামিও বটে।

ইত্তেফাক/আরকেজি