অস্ত্রোপচারের পর প্রথমবারের মতো ম্যানইউ’র অনুশীলনে ফার্গি

আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ২০:৪১

সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন মস্তিষ্কে অস্ত্রোপচারের পর প্রথমবারের মত ক্লাবের অনুশীলন মাঠে উপস্থিত হয়েছেন। সমপ্রতি ম্যানইউ’র অনুশীলন মাঠ ক্যারিংটনে সফরকালে ৭৭ বছর বয়সী ফার্গুসন দলের অন্তর্বর্তীকালীন কোচ ওলে গুনার সোলসারের সঙ্গেও সাক্ষাত্ করেন।

দলের দায়িত্ব ছাড়ার পর তার দুই উত্তরসূরি ডেভিড ময়েস এবং লুই ফন হালের আমলে অনুশীলনে যান নি ‘ফার্গি’। তবে রেড ডেভিলদের দায়িত্ব পাওয়ার প্রথম বছরে তাকে অনুশীলনে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন সাবেক কোচ হোসে মরিনহো। দলের অন্তর্বর্তীকালীন কোচ ওলে গুনার সোলসার জানালেন ক্যারিংটন সফর বেশ উপভোগ করেছেন সাবেক ইউনাইটেড কোচ। সোলসার বলেন, ‘অনুশীলনে তিনি তার সময়টি উপভোগ করেছেন। স্টাফদের সঙ্গে খোশমেজাজে কথা বলেছেন কিছুক্ষণ এবং শেষে তিনি আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন।’

সাবেক গুরুর ছোঁয়া পেয়ে কিছুটা স্মৃতিকাতরও হয়ে পড়লেন সোলসার। ফার্গির অধীনে একটি চ্যাম্পিয়ন্স লিগ, ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এবং দুটো এফএ কাপ জেতা সাবেক ইউনাইটেড স্ট্রাইকার বলেন, ‘১৫ বছর তাকে শিক্ষক হিসেবে পেয়েছিলাম। শেষ সপ্তাহে ফার্গুসন যা করেছে তার চেয়েও বেশি প্রভাবিত করেছিলো সেই ১৫ বছরে। কিন্তু আমি তাকে তথ্য দেওয়া অব্যহত রেখেছি। সে জানে যে এখানকার প্রতিটি স্টাফ অন্তরে ম্যানচেস্টার ইউনাইটেডকে ধারণ করে। সে এটাও জানে যে এখানে শেষ মুহূর্ত পর্যন্ত ক্লাবের জন্য আমরা আমাদের সামর্থ্যের সেরাটা ঢেলে দেবো।’

ইউনাইটেড দলের কোচ থাকাকালীন সময়ে ফার্গুসন ৩৮টি শিরোপা এনেছিলেন ওল্ড ট্র্যাফোর্ডে। ইংলিশ ফুটবলের সবচেয়ে সফল এই কোচ ২০১৩ সালে রেড ডেভিলদের হয়ে ২৬ বছরের কোচিং ক্যারিয়ারের ইতি টানেন।

গেল বছর মে মাসে মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে জরুরি অস্ত্রোপচার করাতে হয় ফার্গিকে। অস্ত্রোপচার থেকে সেরে ওঠার পর জুলাই মাসে সর্বপ্রথম গণমাধ্যমের মুখোমুখি হন সাবেক ইউনাইটেড কোচ।