বিনোদন ডেস্ক
যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে চলছে বিক্ষোভ। প্রায় ১১ দিন ধেরে চলছে এই বিক্ষোভ। কৃষ্ণাঙ্গদের অধিকার নিয়ে অনেক তারকা মন্তব্য করেছেন। এবার এর প্রতিবাদ জানালেন মার্কিন পপ তারকা সেলেনা গোমেজ। তিনি বলেন, ‘আমার ইনস্টাগ্রাম পেজে কৃষ্ণাঙ্গ নেতাদের বক্তব্য প্রচার করবো। যাতে অনেক মানুষ তাদের কথা শুনতে পারেন। এরইমধ্যে এক নেত্রীর ভিডিও ক্লিপ পোস্ট করেছি আমি।’ সেলেনার ইনস্টাগ্রামে ১৭৯ মিলিয়ন অনুসারী রয়েছে। তাদের বক্তব্য পৌঁছে যাচ্ছে লাখো মানুষের কাছে। সম্প্রতি সেলেনা গোমেজের ইনস্টাগ্রাম পেজে এলিসিয়া গারজারের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করা হয়, সেখানে তিনি কৃষ্ণাঙ্গদের ভবিষ্যত্ ও চলমান আন্দোলন নিয়ে কথা বলেন। এলিসিয়া ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের সহ-উদ্যোক্তা ও ‘ব্ল্যাক ফিউচার ল্যাব’ প্রতিষ্ঠানের পরিচালক। ভিডিওটির এরইমধ্যে ১২ লাখ ৭৬ হাজারের বেশি ভিউ হয়েছে।
