আচরণগত কারণে জাতীয় দলে আসার পর থেকে বেশ কয়েকবার শাস্তি পেয়েছেন সাব্বির রহমান রুম্মন। এখনও কাটাচ্ছেন ৬ মাসের নিষেধাজ্ঞা। আগামী ফেব্রুয়ারিতে নিষেধাজ্ঞা শেষ হবে সাব্বিরের। এর মধ্যে বলার মতো পারফর্ম করলে আবার বিবেচিত হবেন জাতীয় দলে। ফলে বিশ্বকাপের আগে দলে ফেরার ভালোই সুযোগ আছে তার। আর এই সুযোগটাই কাজে লাগাতে চাচ্ছেন সাব্বির। বিপিএলেই পারফর্ম করে নজর কাড়ার চ্যালেঞ্জ নিয়েছেন।
এবারের বিপিএলকে নিজের জন্য অনেক বড় একটা মঞ্চ হিসেবে উল্লেখ করে সাব্বির বলছিলেন, ‘জাতীয় দল সবার জন্যই খোলা আছে। বিপিএলটা আমার জন্য অনেক বড় স্টেজ। আমার লাইফে অনেক বড় টুর্নামেন্ট। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার ন্যাচারাল ক্রিকেটটা খেলার জন্য। আর বিশ্বকাপ অনেকদূরে আছে এখনও। আপাতত বিপিএল নিয়ে চিন্তা করছি।’
নিষেধাজ্ঞার এই সময়টা খুব কঠিন কেটেছে বলেই বলছিলেন সাব্বির। তবে সেই কঠিন সময়কে এখন পেছনে ফেলে সামনে তাকাতে চান। তিনি বলছেন, ‘আমি যদি বিপিএলে ভালো পারফর্ম করি চান্স থাকবে আমার। আমি চেষ্টা করব বিপিএলে ভালো কিছু করার। তারপর বিশ্বকাপে সুযোগ।’ তবে সাব্বির মনে করেন না যে, এই সময়ের আলোচনা সমালোচনা তার ওপর খুব বেশি প্রভাব ফেলেছে। তিনি বলছেন, নিজেকে তিনি প্রস্তুত রাখারই চেষ্টা করেছেন, ‘আমার কাছে তেমন প্রভাব পড়েছে বলে মনে হয় না। পারফর্মেন্স তো সবসময় আসবে না। আপনি চাইলেই ১০০ মারবেন এর কোনো গ্যারান্টি নাই। আমি চেষ্টা করেছি নিজের প্রস্তুতি ঠিকমত করার জন্য। ’
বিপিএলে এবার সাব্বির সতীর্থ হিসেবে পাচ্ছেন ডেভিড ওয়ার্নারকে। তার সাথে খেলার সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত সাব্বির, ‘অবশ্যই সে অনেক ভালো প্লেয়ার। তার অভিজ্ঞতা অনেক। অবশ্যই তার দলে থাকাটা অনেক ভালো দিক। ওর মত বড় প্লেয়ারের অভিজ্ঞতা যদি আমাদের মাঝে শেয়ার করে, আমরা যদি ওকে ফলো করি, আমরা যদি বাকি দশজন সাপোর্ট করতে পারি, তাহলে ভালো কিছু আসবে।’
ওয়ার্নারের সাথে থাকতে থাকতেই অনেক কিছু শিখে ফেলতে পারবেন বলে বিশ্বাস করেন বাংলাদেশি এই তারকা, ‘আসলে জিজ্ঞেস করার কিছু নেই। ও কিভাবে থাকে, ও কিভাবে খেলে, ওর সাথে থাকতে থাকতে খেলতে খেলতে অনেক কিছু শেখা যাবে। ওকে প্রশ্ন করে তো সবসময় আনসার পাওয়া যাবে না। থাকতে থাকতেই একটা ভালো বন্ধুত্ব হলে সে নিজে থেকেই আমাদের তার অভিজ্ঞতা শেয়ার করবে।’ তবে শেখার চেয়েও সাব্বিরের বড় চ্যালেঞ্জ এখন নিজেকে শোধরানো। সাব্বির বলছিলেন, গতবছরের শেষ দিনে নিজের কাছেই শোধরানোর প্রতিজ্ঞা করেছেন, ‘কাল রাতে প্রমিস করেছি, ২০১৮ আমার অনেক খারাপ কেটেছে। ভুলে গেছি। আজ নতুন বছরের প্রথম দিন, সামনে তাকিয়ে আছি এখন।’
