স্পোর্টস ডেস্ক
গ্যারি ব্যালান্সকে বাংলাদেশে ক্রিকেট ভক্তদের মনে রাখার কোনো কারণ নেই। তবে, বাংলাদেশকে মনে রেখেছেন এই ইংলিশ ক্রিকেটার। তার স্বল্প সময়ের ক্রিকেট ক্যারিয়া দগদগে খত হয়ে রয়েছে বাংলাদেশ সফর।
২০১৭ সালের কথা। সেবার চট্টগ্রাম টেস্টে অল্পের জন্য হার এড়াতে পেরেছিল ইংলিশরা। তবে ঢাকায় ফিরে আর শেষ রক্ষা হয়নি। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৪ রানে গুটিয়ে গিয়ে ১০৮ রানে ম্যাচ হেরেছিল ইংল্যান্ড। সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলামের স্পিন পড়তে পারেননি সফরকারীরা। সবচেয়ে বেশি ভুগেছিলেন হয়তো গ্যারি ব্যালান্স।
অথচ, দারুণ ফর্ম নিয়ে এসেছিলেন বাংলাদেশে। স্পিন ভালো খেলেন বলে তার কাছে বড়ো প্রত্যাশাই ছিল। কিন্তু বাংলাদেশি স্পিনারদের বিপক্ষে সেবার দাঁড়াতেই পারেননি। ২ টেস্টের ৪ ইনিংসে করতে পেরেছেন মাত্র ২৪ রান। চার বারের মধ্যে তিন বারই আউট হয়েছিলেন মেহেদি হাসান মিরাজের বলে, একবার তাইজুল ইসলামের বলে। বাংলাদেশে অমন বাজে ক্রিকেট খেলে ফেরার পর আন্তর্জাতিক ক্রিকেটে আর সেভাবে দাঁড়াতে পারেননি ব্যালান্স। টেস্ট ক্যারিয়ার থেমে আছে ২৩ ম্যাচেই। সেই কারণেই হয়তো বাংলাদেশে এসে পাওয়া সেই বাজে অভিজ্ঞতা ভুলতে পারেননি এখনো! সম্প্রতি এক সাক্ষাত্কারে ব্যালান্স বলেছেন, ক্যারিয়ারে সবচেয়ে কঠিন অবস্থায় পড়তে হয়েছে বাংলাদেশ সফরে এসেই। ব্যালান্স স্মৃতিচারণ করে বলেন, ‘আমার খেলা সবচেয়ে কঠিন কন্ডিশনের মধ্যে বাংলাদেশ অন্যতম। আমি সেখানে অনেক ভুগেছি। নিউজিল্যান্ড সফরে যতটা না ভুগেছিলাম তার চেয়েও বেশি।’
