ক্লপের দল মাঠে নামবে ২১ জুন
স্পোর্টস ডেস্ক
এটা এখন নিশ্চিত যে, কেউই লিভারপুলকে দীর্ঘ প্রতীক্ষিত ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয় থেকে বঞ্চিত করতে পারবে না। শুধু লিগটি মাঠে গড়ানোর অপেক্ষা। তারপরও জিজ্ঞাসা কোচ য়ুর্গেন ক্লপের দলটি কখন অবসান ঘটাবে ৩০ বছরের এই প্রতীক্ষার।
করোনা ভাইরাসের কারণে ইংলিশ প্রিমিয়ার লিগ ১৩ মার্চ বন্ধ হয়ে গিয়েছিল। ১৭ জুন শেফিল্ড ইউনাইটেড-অ্যাস্টন ভিলার মধ্যকার খেলাটি দিয়ে প্রিমিয়ার লিগ আবার মাঠে গড়াতে যাচ্ছে। গত শুক্রবার লিগ কর্তৃপক্ষ ২৯তম রাউন্ডের বাকি দুই ম্যাচসহ তিন রাউন্ডের সূচি প্রকাশ করে। লিভারপুল বর্তমানে নিকটতম প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির চাইতে ২৫ পয়েন্টে এগিয়ে থেকে শিরোপার খরা কাটাতে মাঠে নামবে ২১ জুন। খেলাটিতে তাদের প্রতিপক্ষ এভারটন। তার আগে পুনরারম্ভের দিনেই মাঠে নামবে ম্যানচেস্টার সিটি এবং আর্সেনালও। ২৯তম রাউন্ডের এই দুটি খেলা করোনার কারণে হতে পারেনি। চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্লপের দল ২৯ খেলা শেষে আছে ৮২ পয়েন্টে। লিগের বাকি আর ৯ রাউন্ড। এর মধ্যে কেবল দুটিতে জিতলেই শিরোপা জিতবে লিভারপুল। সিটি তাদের চাইতে এক ম্যাচ কম খেললেও কোচ পেপ গার্দিওলার দলের আসলে আর কিছুই করার নেই। তারওপর সিটি এ খেলায় আর্সেনালের কাছে হেরে গেলে লিভারপুল মাঠে নামার দিনে জিতে এভারটনের মাঠেই শিরোপা নিশ্চিত করে ফেলবে। অপরদিকে সিটি নিজ মাঠে গানারদের হারালেও লিভারপুল জয় অব্যাহত রেখে পরের খেলায় নিজ মাঠে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধেই শিরোপা উত্সবে মেতে উঠবে।
