নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় সিংধা ইউনিয়নে গৃহকর্মী মারুফা হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীর বিচারের দাবিতে শনিবার নেত্রকোনা জেলা প্রেসক্লাব সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনার মোহনগঞ্জ সমিতির উদ্যোগে গতকাল শনিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে মারুফা হত্যার সঙ্গে জড়িতদের বিচার চেয়ে বক্তব্য রাখেন সমিতির আহ্বায়ক মো. ইকবাল হোসেন, নেত্রকোনা পৌরসভার কাউন্সিলার শিমুল চৌধুরী বেবী, মারুফার মা আকলিমা বেগম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি সজিব সরকার, নেত্রকোনা স্বাবলম্বী উন্নয়ন সমিতির সদস্য ঝরনা জাহানি এবং নারীনেত্রী সন্ধ্যা রানি দাস। উল্লেখ্য, ৯ মে ১৪ বছর বয়সি গৃহকর্মী মারুফার মৃত্যুর ঘটনায় তার মা আকলিমা বেগম মোহনগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
