উখিয়ায় আইসোলেশন থেকে পালিয়েছে করোনা আক্রান্ত দুই রোহিঙ্গা

আপডেট : ০৬ জুন ২০২০, ২১:৪৮

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা 

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের আইসোলেশন সেন্টার থেকে পালিয়েছে করোনা আক্রান্ত দুই রোহিঙ্গা। গত ১৪ মে প্রথম একজন রোহিঙ্গা পজিটিভ শনাক্ত হন। ফলে রোহিঙ্গা শিবিরে অনেক মানুষের জ্বর, সর্দি-কাশি দেখা দিলেও তারা ভয়ে প্রকাশ করছে না। আবার অনেকের করোনার উপসর্গ দেখা দিলেও প্রকাশ না করে দোকান থেকে ওষুধ কিনে সেবন করছেন গোপনে। করোনায় আক্রান্ত রোহিঙ্গা আইসোলেশন সেন্টার থেকে পালিয়ে যাওয়ার ঘটনা নিয়ে ক্যাম্পে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

উখিয়ার ক্যাম্প-২ এর রোহিঙ্গা নেতা মো. নূর বলেন, ‘তার ক্যাম্পের করোনা আক্রান্ত এক যুবক আইসোলেশন সেন্টার থেকে পালিয়ে গেছে। তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। ক্যাম্প-১ এর আরো একজন করোনা আক্রান্ত রোগীর খোঁজ মিলছে না বলে স্বীকার করে তিনি বলেন, এ দুই জন করোনা রোগীকে উদ্ধার করে প্রশাসনের হাতে সোপর্দ করার জন্য খোঁজখবর নেওয়া হচ্ছে।

ক্যাম্পে করোনা উপসর্গ দেখা দিলে রোহিঙ্গাদের পরীক্ষার জন্য স্বাস্থ্যকেন্দ্রমুখী করতে বিভিন্নভাবে সচেতন করা হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু তোহা এম আর এইচ ভূঁইয়া। তিনি বলেন, এ পর্যন্ত ৩৬৬ জন রোহিঙ্গা করোনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ২৯ জন পজিটিভ পাওয়া গেছে। তাদের ‘আইসোলেশন সেন্টার’ চিকিত্সা দেওয়া হচ্ছে। তবে সেখানে পালিয়ে যাওয়া দুই রোগী ঘরে রয়েছে, তাদের ফেরত আনা হবে। এখন পর্যন্ত করেনা আক্রান্ত হয়ে ৭১ বছরের এক বৃদ্ধ রোহিঙ্গা মারা গেছেন। তিনি আরো বলেন, রোহিঙ্গা করোনা আক্রান্তদের সংস্পর্শে আসা ৭৫০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে ৬১৮ জনের কোয়ারেন্টাইনের সময়সীমা শেষ হয়েছে। এখন পর্যন্ত ৩ হাজার ৬০০ পরিবারের ১৬ হাজার মানুষ ক্যাম্পে লকডাউনে রয়েছে।