চট্টগ্রামে ওষুধের বাড়তি মূল্য আদায় ঠেকাতে অভিযান চালানোর দাবি

আপডেট : ০৬ জুন ২০২০, ২১:৪৯

চট্টগ্রাম অফিস

দোকানে অতিরিক্ত দামে ওষুধ বিক্রি ঠেকাতে চট্টগ্রামের ওষুধের পাইকারি বাজার হাজারী গলিতে র্যাব, জেলা প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম।

গতকাল শনিবার এক বিবৃতিতে ক্যাব নেতারা বলেন, নির্ধারিত দামের চেয়ে কয়েকগুণ বেশি দামে বিক্রি করছে করোনার জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি ওষুধ। কিছু ফার্মেসি করোনা ভাইরাসকে পুঁজি করে ৭৫০ টাকা দামের আইভেরা ৬ মিলিগ্রাম ৬ প্যাকেট বিক্রি করছে ২ হাজার ৪০০ টাকা। ৫০ টাকার স্ক্যাবো ৬ মিলিগ্রাম প্রতি পাতা বিক্রি করছে ৫০০ টাকা, ২৫ টাকা দামের জিঙ্ক ২০০ মিলিগ্রাম প্রতি পাতা বিক্রি করছে ৫০ টাকা, ২০ টাকা দামের সিভিট ২৫০ মিলিগ্রাম প্রতি পাতা বিক্রি করছে ৫০ টাকা। ৩৬০ টাকা দামের রিকোনিল ২০০ মিলিগ্রাম প্রতি প্যাকেট (৩ পাতা) বিক্রি করছে ৬০০ টাকা, ৪৮০ টাকা দামের মোনাস ১০ মিলিগ্রাম প্রতি প্যাকেট (২ পাতা) বিক্রি করছে ১ হাজার ৫০ টাকা, ৩১৫ টাকা দামের অ্যাজিথ্রোসিন ৫০০ মিলিগ্রাম প্রতি প্যাকেট (৩ পাতা) বিক্রি করছে ৬০০ টাকায়।

বিবৃতিতে ক্যাবকেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব মহানগরের সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম, ক্যাব চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আলহাজ আবদুল মান্নান, ক্যাব যুব গ্রুপের সভাপতি চৌধুরী কে এনএম রিয়াদ ও সম্পাদক নিপা দাস উপরোক্ত দাবি জানান।