নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর শেখেরচর বাজারসংলগ্ন বাসস্ট্যান্ড থেকে চুরি যাওয়া প্রাইভেট কার বেলাব থেকে উদ্ধার। গ্রেফতার করা হয়েছে একাধিক গাড়ি চুরি মামলার আসামি মনিরুজ্জামান রাজিবকে।
জানা গেছে, গত শুক্রবার রাত সাড়ে ৮টায় ব্যবসায়ী আবুল হাসান মোল্লা তার প্রাইভেট কার নরসিংদী সদর উপজেলার শেখেরচর বাসস্ট্যান্ডে রেখে জরুরি কাজে বাইরে যান। কাজ শেষে ফিরে এসে যথাস্থানে গাড়িটি পাননি। পরে তিনি বিষয়টি পুলিশের জরুরি সেবা সার্ভিস ৯৯৯-এ কল করেন। পুলিশের জরুরি সার্ভিস ৯৯৯-এর অপারেটর গাড়ির মালিককে নিকটস্থ মাধবদী থানায় যাওয়ার অনুরোধ জানান। পরে গাড়ির মালিক মাধবদী থানায় গিয়ে ঘটনা বললে থানার ডিউটি অফিসার তাত্ক্ষণিক বিষয়টি জেলা পুলিশ কন্ট্রোল রুমকে অবহিত করেন। একই দিন রাতে ঢাকা-সিলেট মহাসড়কের বাড়ৈচা বাসস্ট্যান্ড এলাকা থেকে চুরি যাওয়া প্রাইভেট কারটি উদ্ধারসহ গাড়ি চোর মনিরুজ্জামান রাজিবকে গ্রেফতার করা হয়। মনিরুজ্জামান রাজিব হাবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার হুরারকুল গ্রামের মৃত আব্দুল মমিনের ছেলে।
