পুরান ঢাকায় রাসায়নিকের গুদামে আগুন, দগ্ধ দুই

আপডেট : ০৬ জুন ২০২০, ২১:৫২

ইত্তেফাক রিপোর্ট

পুরান ঢাকার রায়সাহেব বাজার এলাকায় আবারও রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল শনিবার সকালের এ ঘটনায় দুজন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক অ্যান্ড বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আগুনে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান, সকাল ৭টার দিকে রায়সাহেব বাজারের লালচাঁন মুকিম লেনে রাসায়নিকের গুদামে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সেখানে ছুটে যায়। সকাল সাড়ে ৮টায় তারা আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন। এতে দুজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে এক জনের নাম রকি, অপর জনের নাম জানা যায়নি। ফায়ার সার্ভিস সূত্র জানায়, তিন তলা বাড়ির নিচ তলায় নিকেল তৈরির রাসায়নিকের গুদাম ছিল। দোতলায় রাবার তৈরির রাসায়নিক ও নাটবল্টুর গুদাম। আগুনে নিচ তলা ও দোতলার গুদামের রাসায়নিক পুড়ে যায়। আগুন লাগার কারণ তদন্তসাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে। এর আগে ২০১০ সালের ৩ জুন পুরান ঢাকার নিমতলীতে অবৈধ রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে ১২৪ জনের প্রাণহানি ঘটে। এছাড়া গত বছরের ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহাট্টা এলাকায় ভয়াবহ আগুনে পুড়ে মারা যান ৭১ জন।