কদমতলীতে বৃষ্টির পানি নিষ্কাশন করতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে মৃত্যু

আপডেট : ০৬ জুন ২০২০, ২১:৫২

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর কদমতলীতে বাসার সামনে জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশনের সময় বিদ্যুত্স্পর্শে মজিবুর রহমান (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আবদুল খান জানান, কদমতলীর বি পি ধারা আবাসিক এলাকায় পরিবার নিয়ে থাকতেন মজিবুর রহমান। সকাল সাড়ে ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। মৃতের ছোটো ভাই সুমন জানান, দুই দিনের বৃষ্টিতে বাসার সামনে পানি জমে গিয়েছিল। সকালে মজিবুর সেই পানি নিষ্কাশনের সময় বিদ্যুত্স্পৃষ্ট হন। ঐ পানিতে কোনোভাবে বৈদ্যুতিক তার লেগেছিল বলে ধারণা করা হচ্ছে।