ঘুম আসে না

আপডেট : ০৬ জুন ২০২০, ২২:২০

এই সময়ের ছড়া 

স্বপন ধর

 

খবর আসে, নিত্য খবর

আসছে দিনে রাতে

খোকনসোনার ঘুম আসে না

করোনার উত্পাতে।

 

খাচ্ছেদাচ্ছে, বিছানাতে

এক তালের এই ছন্দ

ইশকুলে আজ বন্ধুরা নেই

কিসের ভালোমন্দ—

 

বুঝবে কেমন? টিচার কোথায়?

কেউ যে কোথাও নেই—

খেলাধুলা ছুটোছুটি

চলার আনন্দেই।

 

কোচিংও নেই অলস সময়

সঙ্গ দিচ্ছে মাকে

বাবার অফিস তাই তো সবাই

ভয়ে ভয়ে থাকে।

 

কখন কাটবে বিপদ এমন

মিথ্যে জুরিজারি

হা রে রে রে দস্যু এল

যায় না দেখা তারই!

 

তাই তো এখন কবিগুরুর

বীরপুরুষের বেশে

নিক তলোয়ার ঘোড়ায় চেপে

করোনার উদ্দেশে।

 

হেই কুপোকাত করুক না সে

ঝড়ের বেগে এসে

শিশুরা পাক শান্তি-সোহাগ

চাঁদের হাসি হেসে।