ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কয়েক সেকেন্ডের টর্নেডোর আঘাতে দুটি ইউনিয়নের দেড় শতাধিক কাঁচাপাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় গাছপালা, ব্যবসা প্রতিষ্ঠান ও বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। ঘরের নিচে চাপা পড়ে সোহেল আহমেদ (৫০) নামে এক পোস্ট মাস্টার নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
গতকাল শনিবার সকালে নাসিরনগর সদর ইউনিয়নের পশ্চিম পাড়া, ডাংকবাংলো, গাংকলপাড়া, মহাখালপাড়া ও বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল, শ্রীঘর, বেনীপাড়াসহ বিভিন্ন গ্রামের ওপর আঘাত হানে টর্নেডো। এতে প্রায় দেড় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
নিহত সোহেল আহমেদ আশুরাইল গ্রামের রাশিদ মিয়ার ছেলে। ঘর চাপা পড়ে সোহেল আহত হলে তাকে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়েছে।
বুড়িশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এটিএম মোজাম্মেল হক সরকার আশুরাইল গ্রামে টর্নেডোর তাণ্ডবে এক জনের মৃত্যুর কথা জানিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। তিনি বলেন, কয়েক সেকেন্ড স্থায়ী টর্নেডোর আঘাতে দুটি ইউনিয়নের বেশকয়টি গ্রামের ঘরবাড়ি, গাছপালা বিধ্বস্ত হয়েছে। বেশকয়টি নৌকা ভেঙে গেছে। তবে পুরোপুরি না জেনে ক্ষতির সঠিক পরিমাণ বলা যাচ্ছে না। ক্ষতিগ্রস্তদের তালিকা পাঠানোর জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে বলা হয়েছে।
