আজ ৭ জুন, ঐতিহাসিক ৬ দফা দিবস। বাঙালি জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে অনন্য প্রতিবাদী, আত্মত্যাগে ভাস্বর ও গৌরবোজ্জ্বল সংগ্রামী একটি দিন। ১৯৬৬ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণআন্দোলনের সূচনা হয়। এই দিনটি বাংলার স্বাধিকার আন্দোলনকে স্পষ্টত নতুন পর্যায়ে উন্নীত করে। আর এ ৬ দফার মধ্যদিয়েই বাঙালির স্বাধিকার আন্দোলন স্বাধীনতা সংগ্রামে রূপ নেয়।
৬ দফা আন্দোলনের ধারাবাহিকতায় আসে আগরতলা ষড়যন্ত্র মামলা, ১১ দফা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭০-এর নির্বাচন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। ঐতিহাসিক ৬ দফা শুধু বাঙালি জাতির মুক্তির সনদ নয়, সারাবিশ্বের নিপীড়িত-নির্যাতিত মানুষের মুক্তি আন্দোলনের অনুপ্রেরণারও উত্স।
কর্মসূচি: করোনা ভাইরাসের কারণে দিবসটি উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে একটি অনলাইন আলোচনা অনুষ্ঠান ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন। বাংলাদেশ টেলিভিশন আজ সন্ধ্যা ৭টায় এ বিশেষ অনুষ্ঠানটি সম্প্রচার করবে। বিভিন্ন বেসরকারি টেলিভিশনও অনুষ্ঠানটি সম্প্রচার করবে। এছাড়া আজ রাত ৯টায় অনলাইনে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত quiz.mujib100.gov.bd ওয়েব লিংকের মাধ্যমে জানা যাবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি ঐতিহাসিক ৭ জুনের সব বীর শহীদ ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে পরম করুণাময়ের কাছে প্রার্থনা করার জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী
ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে রাষ্ট্রপতি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৬ দফা দাবি থেকে শিক্ষা নিয়ে দেশের তরুণ প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। ৬ দফা কেবল বাঙালি জাতির মুক্তিসনদ নয়, সারা বিশ্বের নিপীড়িত নির্যাতিত মানুষের মুক্তি আন্দোলনের অনুপ্রেরণারও উত্স।
বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ঐতিহাসিক ৭ই জুনসহ সকল গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার অক্ষুণ্ন রাখতে আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা দেশের প্রতিটি মানুষের কাছে স্বাধীনতার সুফল পৌঁছে দিতে কাজ করছি।’
