মাস্কেও সিদ্ধান্ত বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার, ব্যবহারের অনুমতি

আপডেট : ০৬ জুন ২০২০, ২২:৪৫

মাস্ক পরা নিয়ে নিজেদের উপদেশ পরিবর্তন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা বলছেন, করোনা ভাইরাসের সংক্রমণ থামাতে জনসম্মুখে মাস্ক পরা উচিত। সংস্থাটি বলছে, মাস্ক পরলে ‘জীবাণু বহনকারী ড্রপলেট’ থেকে সুরক্ষা পাওয়া সম্ভব বলে নতুন গবেষণায় জানা গেছে। এদিকে করোনায় যুক্তরাষ্ট্রে প্রায় ৬০০ স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। দেশটির প্রেসিডেন্ট দাবি করেছেন, ঠিকমতো পরীক্ষা করা হলে চীন ও ভারতে আরো বেশি আক্রান্ত মানুষ পাওয়া যাবে। আর ভারতে সংক্রমণে রেকর্ড অব্যাহত রয়েছে।

সিদ্ধান্ত বদল ডব্লিউএইচওর

বিশ্বের বেশ কিছু দেশ এর মধ্যেই প্রকাশ্য স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছিল যে সুস্থ মানুষের মাস্ক পরার প্রয়োজন আছে এমন প্রমাণ পাওয়া যায়নি। কোভিড-১৯ এর টেকনিক্যাল বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিশেষজ্ঞ ডাক্তার মারিয়া ভ্যান কেরখোভ রয়টার্সকে বলেন, যেসব স্থানে সংক্রমণের সম্ভাবনা রয়েছে সে সব জায়গায় মানুষকে ‘কাপড়ের মাস্ক যেটি মেডিক্যাল মাস্ক নয়’ পরার পরামর্শ দেওয়া হচ্ছে। সংস্থাটি বলছে, গত কয়েক সপ্তাহে চালানো গবেষণার ওপর ভিত্তি করে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।  ডা. ভ্যান কেরখোভ বলেন, আমরা সব দেশের সরকারকে পরামর্শ দিচ্ছি যেন তারা জনসাধারণকে মাস্ক পরতে উত্সাহিত করে।

যুক্তরাষ্ট্রে প্রায় ৬০০ স্বাস্থ্যকর্মীর মৃত্যু

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্তদের সেবা দিতে গিয়ে প্রায় ৬০০ স্বাস্থ্য কর্মীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান। মৃতদের পরিবার, বন্ধু-বান্ধব, স্বজন, বিভিন্ন সংস্থা এবং মিডিয়ার রিপোর্ট থেকে এই তথ্য সংগ্রহ করা হয়েছে। ৫৮৬ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজেস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বিভাগ ৩৬৮ জনের মৃত্যুর কথা স্বীকার করেছে। যদিও এর চেয়ে বেশি হতে পারে বলে স্বীকার করেছে সিডিসি।

ভারতে রেকর্ড সংক্রমণ অব্যাহত

২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৯ হাজার ৮৮৭ জন এবং একদিনে ২৯৪ জনের প্রাণ কেড়ে নিল কোভিড-১৯।  গতকাল পর্যন্ত ভারতে করোনায় প্রাণ গেছে ৬ হাজার ৬৪২ জনের। সংক্রমণের বিচারে ইতালিকে টপকে ৬ নম্বরে ভারত। দেশটিতে আক্রান্ত ২ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ। মাত্র এক সপ্তাহ আগেই ভারত চীনকে টপকে ৯ নম্বরে ছিল। আর এই কত  দিনেই পৌঁছে গেল ৬ নম্বরে। এদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে বের হয়ে যাওয়ার হুমকি দিয়েছেন। দেশটিতে করোনার বিস্তার বৃদ্ধি পাওয়ার মধ্যেই লকডাউন শিথিল করার সমালোচনা করায় প্রেসিডেন্ট এই হুমকি দেন। -বিবিসি, দ্য গার্ডিয়ান ও আনন্দবাজার পত্রিকা