সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা বদরুদ্দিন আহমদ কামরানকে শনিবার সকালে সিলেট শহীদ ডা. সামসুদ্দিন করোনা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এর আগে শুক্রবার রাতে তার করোনা শনাক্ত হলে তিনি বাসায় আইসোলেশনে ছিলেন। তার স্ত্রী আসমা কামরানও করোনায় আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে আছেন। এছাড়া সিসিক মেয়র আরিফুল হক চৌধূরীর স্ত্রী শামা হক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলও করোনা আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে আছেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, শনিবার সকাল পর্যন্ত এ বিভাগে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪১৩ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৭৮৩ জন আক্রান্ত হয়েছেন।
এছাড়া সুনামগঞ্জে ২৭০ জন, হবিগঞ্জে ২০৮ ও মৌলভীবাজারে ১৫২ জন আক্রান্ত। আক্রান্তের পাশাপাশি এ বিভাগে করোনায় মৃতের সংখ্যাও বাড়ছে। বিভাগে মোট মারা যাওয়া ৩১ জনের মধ্যে সিলেট জেলায়ই মারা গেছেন ২৩ জন। এছাড়া মৌলভীবাজারে চার জন, হবিগঞ্জে ও সুনামগঞ্জে দুই জন করে করোনা রোগীর মৃত্যু হয়েছে।
