এবার অনলাইনে হচ্ছে শাস্ত্রীয় সংগীতের আসর

আপডেট : ০৬ জুন ২০২০, ২২:৪৯

আগের মতো সেই সংগীত আড্ডা আবার ফেরবে মানুষের জীবনে তা কে জানে! তবে করোনা সংক্রমণের মহামারিতে যখন অনুষ্ঠান আয়োজন একেবারেই বন্ধ তখন ভার্চুয়াল সংগীত আসরের আয়োজন করেছে সংগীত সংগঠন ‘লহরী’। বেঙ্গল আয়োজিত এই শাস্ত্রীয় সংগীতের আসর সংগীতপ্রিয় মানুষকে আবেগপ্রবণ করে তুলবে নিঃসন্দেহে। এই অনুষ্ঠানের সূচনা হচ্ছে আজ রবিবার রাত ৯টায়। অবরুদ্ধ সময়ে চার দিনব্যাপী চলবে এই উচ্চাঙ্গ সংগীতের আসর। সুর রসিকরা অনুষ্ঠান উপভোগ করতে চাইলে ইন্টারনেট ব্রাউজারে bit.ly/3dCNQb6 লিখে এন্টার চাপলে ফেসবুকের সেই পেজে চলে যাবেন। শাস্ত্রীয় ঘরানার কণ্ঠ ও যন্ত্রসংগীতের সম্মিলনে সাজানো হয়েছে এ আসর।

লহরীর সাধারণ সম্পাদক শুক্লা হালদার জানান, গত বছরের জানুয়ারিতে শ্রোতা-দর্শককে সঙ্গী করে ছায়ানট সংস্কৃতি ভবনে প্রথম সংগীতাসরের আয়োজন করা হয়। পরবর্তী সময়ে প্রতি তিন মাস অন্তর এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সেটা করা সম্ভব হয়নি। তাই অনলাইনে এই সংগীতানুষ্ঠানের আয়োজন। আজ রবিবার আসরের প্রথম দিন। এদিন শোনা যাবে যন্ত্রসংগীত। এস্রাজের আশ্রয়ে পরিবেশনা উপস্থাপন করবেন গৌরাঙ্গ দাস। উপস্থাপন করবেন রাগ রাগেশ্রী।   

সোমবার দ্বিতীয় দিনের আসরে থাকছে কণ্ঠসংগীতের পরিবেশনা। কণ্ঠশিল্পী সমুদ্র শুভম উপস্থাপন করবেন রাগ ভীমপলশ্রী। মঙ্গলবার তৃতীয় দিনের আয়োজনে থাকছে বাঁশিবাদন। দুর্গা রাগের আশ্রয়ে পরিবেশনা উপস্থাপন করবেন রানা ঘোষ। আর আসরের চতুর্থ দিন বুধবার সারেঙ্গির বাজনায় শেষ হবে অনলাইননির্ভর এই সংগীতাসর। রাগ ইমনে ভর করে পরিবেশনা উপস্থাপন করেবেন শৌণক দেবনাথ ঋক। চার দিনের পুরো অনুষ্ঠানটির লাইভ উপস্থাপনায় থাকবেন  রায়হানুল আমিন কল্লোল।