খাগড়াছড়ি ও কলমাকান্দায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

আপডেট : ০৬ জুন ২০২০, ২২:৪৯

খাগড়াছড়ির পানছড়িতে পানিতে ডুবে দুই শিশু ও কলমাকান্দায় এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার এ ঘটনা ঘটে।

খাগড়াছড়ি প্রতিনিধি জানান, পানছড়ি উপজেলার উল্টাছড়িতে গতকাল পুুকুরে ডুবে তৃষা (৮) ও আফরোজা (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে পানছড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। তৃষা ঐ এলাকার মো. সেলিম এবং আফরোজা আল আমিনের মেয়ে। তারা সম্পর্কে মামাতো ফুপাতো বোন। তারা প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা জানান, কলমাকান্দায় উব্দাখালী নদীতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল উপজেলার সদর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আতুল (৪) ঐ গ্রামের মো. তৌহিদ মিয়ার পুত্র। আতুল মিয়া তার মায়ের সঙ্গে গোসল করতে গেলে মায়ের অগোচরে পানিতে ডুবে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।