যুক্তরাষ্ট্র থেকে আজ দেশে ফিরছেন আটকেপড়া ১১২ বাংলাদেশি

আপডেট : ০৭ জুন ২০২০, ০০:২৬

করোনা মহামারির কারণে যুক্তরাষ্ট্রে আটকে থাকা ১১২ বাংলাদেশি নাগরিককে নিয়ে কাতার এয়ারওয়েজের দ্বিতীয় বিশেষ বিমানটি গতকাল শনিবার নিউ ইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছে। নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা বিমানবন্দরে যাত্রীদের বিদায় জানান। কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন। বিমানটি আজ রবিবার বিকাল ৪টা ৪৫ মিনিটে (স্থানীয় সময়) ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। যাত্রীদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীবৃন্দ, উচ্চ ডিগ্রি অর্জনে আসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বিভিন্ন টেনিংয়ে অংশগ্রহণকারী, দর্শনার্থী, পেশাজীবী ও ব্যবসায়ী। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস এবং নিউ ইয়র্ক ও লসএঞ্জেলেস বাংলাদেশ কনস্যুলেট বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় কার্যাদি সম্পাদন করে। এর আগে গত ১৫ মে যুক্তরাষ্ট্রে আটকে থাকা ২৪২ বাংলাদেশিকে নিয়ে কাতার এয়ারওয়েজের প্রথম বিশেষ বিমান ওয়াশিংটন থেকে দেশে ফেরে।