যুক্তরাজ্যে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে বিমানের বিশেষ ফ্লাইট

আপডেট : ০৭ জুন ২০২০, ০০:২৭

করোনা ভাইরাসের মহামারির কারণে যুক্তরাজ্যে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনতে বিমানের দ্বিতীয় বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। এজন্য ঢাকা-রোম রুটের একটি বিশেষ বিমানকে রি-রুট করা হয়েছে। আগামী ১৩ জুন সকাল ১০টায় বিমানটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর টার্মিনাল ২ থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবে। দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের ১১ জুনের মধ্যে বাংলাদেশ হাইকমিশন লন্ডনের এই লিংকে https.//forms.gle/qFXRvriFCLUUVV857 রেজিস্ট্রেশন করে নিজেদের আসন সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। লন্ডনস্থ বংলাদেশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম বলেন, বাংলাদেশ এয়ারলাইন্সের এই বিশেষ বিমানটির মূলত রোম থেকে বাংলাদেশি যাত্রীদের নিয়ে ঢাকা যাওয়ার কথা ছিল। কিন্তু লন্ডন মিশনের বিশেষ অনুরোধে ও সরকারের নির্দেশে বিমানটি ১৩ জুন লন্ডন হিথ্রো হয়ে ঢাকা যাবে। এর ফলে এখনো যেসব বাংলাদেশি যুক্তরাজ্যে আটকা পড়েছেন তারা দেশে ফিরতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, কেবল রেজিস্টার্ড যাত্রীরাই এই বিমানে ভ্রমণ করতে পারবেন। এক্ষেত্রে যাত্রীদের অবশ্যই বাংলাদেশি পাসপোর্ট, এনভিআর এবং বিদেশি পাসপোর্টধারীদের ক্ষেত্রে বাংলাদেশি ভিসা ও করোনায় আক্রান্ত নন এ সংক্রান্ত  মেডিক্যাল সনদ থাকতে হবে।

এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘অন এরাইভাল’ ভিসা প্রদান বন্ধ থাকায় যেসব যাত্রীর বাংলাদেশে প্রবেশের জন্য ভিসা প্রয়োজন তাদের পক্ষে এই বিশেষ বিমানে ভ্রমণ সম্ভব নয়। এ ব্যাপারে বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় সহযোগিতার জন্য বাংলাদেশ হাইকমিশনের নিম্নোক্ত টেলিফোন ও ই-মেইলে যোগাযোগ করা যাবে: +৪৪-০৭৪৫৯৭৫৫৪৫৭, +৪৪৭৪৩৮৪২৯৯৩৯ এবং ইমেইল: [email protected] I [email protected]|