গোপালপুর উপজেলায় ডাবল মার্ডারের আসামিদের বাড়িঘর ও দোকানপাটে অগ্নিসংযোগ এবং লুটপাট করেছে উত্তেজিত জনতা। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
গোপালপুর থানা পুলিশ জানায়, জামালপুরের সরিষাবাড়ি উপজেলার নরকোনা গ্রামের নুরুল ইসলামের ছেলে জাহিদ হোসেন গত ২ জুন প্রতিপক্ষের হাতে খুন হন। এ মামলার আসামিরা জামিনে মুক্তি পেয়ে গত ২৮ ডিসেম্বর নিহত জাহিদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এতে গুরুতর আহত জাহিদের চাচা ইউসুফ আলী ৩১ ডিসেম্বর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। পর পর দুটি খুনের ঘটনায় গ্রামবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। মঙ্গলবার ওই গ্রামসহ আশপাশের দশ গ্রামের সহস্রাধিক মানুষ একত্রিত হয়ে ডাবল খুনের মামলার আসামি গোপালপুর উপজেলার সোনামুই গ্রামের ফজর, আলম ও জহিরুলের বাড়িতে হামলা চালায় এবং অগ্নিসংযোগ করে। এতে সাতটি থাকার ঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে উত্তেজিত জনতা সোনামুই বাজারে হামলা চালিয়ে চারটি দোকান ভাঙচুর ও লুট করে। খবর পেয়ে গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাস এবং ওসি হাসান আলাম মামুন অতিরিক্ত পুলিশ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ওসি হাসান আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখনো মামলা হয়নি। পরিস্থিতি এখন শান্ত।
