এখনো আলোচনা করছে বিসিবি
স্পোর্টস রিপোর্টার
জুলাই মাসে দুই টেস্টের সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সেটা যে হচ্ছে না, তা একরকম নিশ্চিত। গতকাল দেশটির শীর্ষস্থানীয় একটি পত্রিকা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) বরাত দিয়ে জানিয়েছে, এই সিরিজটি সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, এটা এখনো নিশ্চিত নয়। দুই বোর্ডের আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি।
এই মাস থেকেই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিল শ্রীলঙ্কা। এই মাসের শেষে সীমিত ওভারের সিরিজ খেলতে দেশটিতে যাওয়ার কথা ছিল ভারতের। সে লক্ষ্যে ১ জুন থেকে শ্রীলঙ্কা দল অনুশীলনও শুরু করেছে। কিন্তু সেই সিরিজটি বাতিল করতে হয়েছে দুই বোর্ডকে। গতকাল জানা গেছে, এই সিরিজটি আপাতত হচ্ছে না।
শ্রীলঙ্কা করোনা সংক্রমণ থেকে অনেকটাই মুক্তির পথে। তাদের দেশে এখন আর সেরকম তীব্র সংক্রমণ নেই। কিন্তু এখনো আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ আছে। কোনো ব্যক্তি বিশেষ ব্যবস্থায় এই দ্বীপরাষ্ট্রে পৌঁছালে তাকে ১৪ দিনের কঠোর কোয়ারেন্টাইন পালন করতে হচ্ছে। ফলে ভারতীয় দলকে বিশেষ বিমানে আনা গেলেও তাদের মাঠে নামানো কঠিন ছিল।
এদিকে ভারতে দিনকে দিন সংক্রমণ বাড়ছে। ফলে সে দেশে তাদের খেলোয়াড়রা এখনো ঘরবন্দিত্ব থেকে মুক্তি পাননি। এ অবস্থায় বিনা অনুশীলনে ঝুঁকি নিয়ে দলকে শ্রীলঙ্কায় পাঠানোর ব্যাপারে ভারতীয় বোর্ডও রাজি ছিল না। আর দুইয়ে মিলিয়ে বাতিল হয়েছে এই সিরিজটা।
আপাতত শ্রীলঙ্কা বাংলাদেশকে সেপ্টেম্বরে আতিথ্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে এই সিরিজটার চেহারা বদলে যেতে পারে। এক টেস্টে নেমে আসতে পারে খেলা। সঙ্গে যোগ হতে পারে কিছু সীমিত ওভারের ম্যাচ। সফরটাকে লাভজনক করতে এসএলসি এরকম সিদ্ধান্ত নেবে বলে মনে করা হচ্ছে।
আর এই মাঝের সময়টাতে তারা এসএলপিএল আয়োজন করে ফেলতে চায়। তাদের ইচ্ছে এখন ঘরোয়া ক্রিকেটে মন দেওয়া। এসএলসির একজন কর্মকর্তা দ্য আইল্যান্ড পত্রিকাকে বলেছেন, ‘এখন আমাদের যেটা পরিকল্পনা, তা হলো জুলাইতে ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করা। এরপর সম্ভবত আমরা বাংলাদেশকে আতিথ্য দেবো।’
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী অবশ্য বললেন, শ্রীলঙ্কা সফর এখনো চূড়ান্ত হয়নি। তিনি বলছিলেন, ‘শ্রীলঙ্কা সফরের ইতিবাচক-নেতিবাচক, দুটো দিকই আছে। ফলে আমাদের বিবেচনা করতে হচ্ছে। আমরা আলোচনার ভেতর আছি, এটা বলতে পারি। কিন্তু কিছু এখনো চূড়ান্ত হয়নি। তবে একটা ইতিবাচক সিদ্ধান্তই আমরা নেওয়ার চেষ্টা করব।’
করোনা ভাইরাসের প্রকোপে শ্রীলঙ্কাকে তিনটি সিরিজ বাতিল বা স্থগিত করতে হলো। ইংল্যান্ড দল এই দেশ থেকেই সফরের মধ্যে ফিরে গিয়েছিল। এরপর দক্ষিণ আফ্রিকার আসার কথা ছিল মে মাসে। সেটা বাতিল হয়েছে। এখন ভারত সফরও বাতিল হলো। সবমিলিয়ে এসএলসির একটা আর্থিক সংকট তৈরি হতে যাচ্ছে।
