স্পোর্টস রিপোর্টার
মাশরাফি বিন মুর্তজা নিজেও বলেছেন, তার এখনকার যে পারফরম্যান্স, তাতে দলে থাকার কথা নয়।
যেদিন মাশরাফি ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন, সেদিনই আসলে অনিশ্চিত হয়ে গেছে যে, আর কখনো তিনি জাতীয় দলে খেলতে পারবেন কি না। এখন এই গুরু দায়িত্বটা এসে পড়েছে তামিম ইকবালের কাঁধে। তিনি এখন ওয়ানডে অধিনায়ক। ফলে তাকে সিদ্ধান্ত নিতে হবে যে, মাশরাফি আদৌ ওয়ানডে দলে থাকবেন কি না।
একটা ওয়েবসাইটের লাইভ অনুষ্ঠানে এই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন তামিম। তার জন্য প্রশ্নটা বিব্রতকর। কারণ, তিনি নিজে মাশরাফির ঘনিষ্ঠ মানুষ বলেই পরিচিত। তাই প্রথমে দল নিয়ে একটু এড়িয়ে যাওয়া উত্তর দিতে চাইলেন, ‘আমি একজন নতুন অধিনায়ক। আমার জন্য প্রথম নির্বাচনী সভায় অথবা প্রথম দল নির্বাচনে আমি যদি বলি আমার এই লাগবে সেই লাগবে, আমি ওকে চাই, তাকে চাই, এটা কেমন হবে? আমার এই শ্রদ্ধা অর্জন করে নিতে হবে; নির্বাচক, বোর্ড সবার কাছ থেকে। এই শ্রদ্ধাটা পারফরম্যান্সের মাধ্যমে অর্জন করতে পারি।’ পরে সরাসরি মাশরাফি বিষয়েই বলতে হলো তাকে। তাতে তিনি বললেন যে, এই সিদ্ধান্ত তারা পরে নেবেন। তবে আপাতত বলে রাখলেন যে, এরকম একজন কিংবদন্তি ক্রিকেটারকে সবাই দলে নিতে চাইবে, ‘মাশরাফি ভাই একজন কিংবদন্তি। বাংলাদেশে এমন কেউ নাই যে, তাকে নেবে না। তবে অনেক কিছু বিবেচনা করতে হবে। সঠিক সময় আসলে দেখা যাবে। এটা বলতে পারি, এমন কেউ নাই যে তাকে নেবে না।’
