লুই সুয়ারেজ পায়ের অস্ত্রোপচারের পর অনুশীলনে ফিরেছিলেন বেশ কিছুদিন আগেই। কিন্তু ম্যাচ খেলার অনুমতি নিয়ে ছিল অপেক্ষা। গত শনিবার সে অপেক্ষাও ঘুচেছে তার। এক বিবৃতিতে বার্সেলোনা জানায়, মায়োর্কার বিপক্ষে লা লিগার ফেরার ম্যাচেই মাঠে নামতে কোনো বাধা নেই উরুগুইয়ান ফরোয়ার্ডের। ডান হাঁটুর চোট নিয়ে খেলছিলেন বেশ কিছুদিন ধরেই। সেটা প্রকট হয় গত জানুয়ারিতে, স্প্যানিশ সুপার কাপে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের পর। ফলে অস্ত্রোপচার করাতে হয় তাকে। ধারণা করা হয়, চলতি মৌসুমের একটা বড়ো অংশ তাকে ছাড়াই খেলতে হতে পারে বার্সাকে। করোনাসৃষ্ট স্থবিরতা শাপেবর হয়েই এসেছে তার জন্যে। এর কারণেই যে খুব বেশি ম্যাচের বাইরে থাকতে হয়নি তাকে!
