টেস্টে স্মিথ, ওয়ানডেতে কোহলি

আপডেট : ০৭ জুন ২০২০, ২০:১৬

স্পোর্টস ডেস্ক

পারফরম্যান্সের বিচারে স্টিভেন স্মিথ আর বিরাট কোহলিকে আলাদা করা যায় না। তাই দুই জনের মধ্যে কে সেরা?—সেই প্রশ্নের উত্তর পাওয়া খুব কঠিন। অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক অ্যারন ফিঞ্চের মতে, টেস্টে এগিয়ে স্টিভেন স্মিথ আর ওয়ানডেতে বিরাট কোহলি।

স্মিথ ও কোহলির লাল বলের ক্রিকেটের পরিসংখ্যান অসাধারণ। দুই জনের রানই ৭ হাজারের ঘরে। কোহলির সেঞ্চুরি ২৭টি, স্মিথের ২৬। তবে ব্যাটিং গড়ে ভারতীয় ব্যাটসম্যানের চেয়ে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান অনেক এগিয়ে। ৮৬ টেস্ট খেলা কোহলির গড় ৫৩.৬২, স্মিথ ৭৩ টেস্ট খেলে রান করেছেন ৬২.৮৪ গড়ে। ঘরের বাইরে কোহলি কিছুটা ধুঁকলেও স্মিথ সাবলীল প্রায় সব কন্ডিশনে। এখানেই অস্ট্রেলিয়ান তারকা ছাড়িয়ে গেছেন ভারত অধিনায়ককে। একটি ইউটিউব চ্যানেলে শুক্রবার দেওয়া সাক্ষাত্কারে ফিঞ্চ তুলে ধরলেন দুই ব্যাটসম্যানকে নিয়ে তার অভিমত।

ফিঞ্চ বলেন, ‘প্রথমবার ইংল্যান্ড সফরে জেমস অ্যান্ডারসনের বিপক্ষে ধুঁকেছিল বিরাট। কিন্তু পরের সফরে সে ঘুরে দাঁড়ায় এবং দাপট দেখায়। সত্যি কথা বলতে, স্মিথকে কখনো কোথাও ধুঁকতে দেখা যায়নি। সে অসাধারণ একজন টেস্ট ক্রিকেটার। যে বিষয়টি তাদের সবার ওপরে রাখে, তা হলো বিশ্বের সব জায়গায় তাদের প্রভাব।’তিনি আরো বলেন, ‘মাঝেমধ্যে তারা দ্রুত আউট হয়ে যায়, কিন্তু সেটা খেলার একটি অংশ। টানা অনেক সুযোগ তারা হাতছাড়া করে না। যখন ছন্দে থাকে, বড়ো রান করে। আমার মনে হয়, টেস্ট ক্রিকেটে স্মিথ কিছুটা এগিয়ে। টেস্ট ক্রিকেটে স্মিথ অবিশ্বাস্য।’ ওয়ানডেতে কোহলিকে অনেকটা এগিয়ে রাখছেন ফিঞ্চ। তার মতে, এই সংস্করণে সর্বকালের সেরা হবেন কোহলি। ২৪৮ ওয়ানডে খেলা কোহলি ইতোমধ্যে রান করে ফেলেছেন প্রায় ১২ হাজার। সেঞ্চুরি ৪৩টি ও হাফ সেঞ্চুরি ৫৮টি। ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চসংখ্যক সেঞ্চুরি করা ব্যাটসম্যান তিনি।