স্পোর্টস ডেস্ক
ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পাকে একবার পেয়ে বসেছিল হতাশা। ক্রিকেটের বাইরে থাকার সময় হতাশাগ্রস্ত হয়ে এক সময় ব্যালকনি থেকে লাফ দেওয়ার কথাও নাকি ভেবেছিলেন তিনি।
আইপিএলের দল রাজস্থান রয়্যালসের ফেসবুক পেজে আয়োজিত এক অনুষ্ঠানে উথাপ্পা তুলে ধরলেন তার জীবনের কঠিন সময়ের কথা। তিনি বলেন, ‘২০০৯ থেকে ২০১১ সালের দিকের কথা আমার মনে আছে, প্রতিদিনই এই ধরনের ভাবনার বিরুদ্ধে আমাকে লড়তে হতো। এমন অনেক সময় গেছে যখন ক্রিকেটের কথা ভাবতেই পারতাম না, সম্ভবত সবচেয়ে দূরের ভাবনা ছিল তখন ক্রিকেট।’ ২০০৬ সালে অভিষেকের পর ভারতের হয়ে এখন পর্যন্ত ৪৬ ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি খেলেছেন উথাপ্পা। ছিলেন ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য। ২০১৫ সালের পর থেকে অবশ্য জাতীয় দলের বাইরে আছেন ৩৪ বছর বয়সি এই ব্যাটসম্যান।
স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘কিভাবে দিনটা কাটবে, কিভাবে পরের দিন আসবে, আমার জীবনে কী ঘটবে, কোন পথে আমি চলব; এসব ভাবতাম কেবল। যখন খেলা থাকত, এসব ভাবনা মাথায় আসত না। কিন্তু ম্যাচ না থাকার দিনগুলো এবং অফ সিজনে খুবই কঠিন ছিল এটি।’
