গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
রাজবাড়ীর দৌলতদিয়া ও পাবনার কাজিরহাট নৌপথে স্পিডবোটে গাদাগাদি করে যাত্রী পারাপার করা হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানার কথা বলা হলেও তা রক্ষা হচ্ছে না।
ঘাট সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিদিন দৌলতদিয়া ঘাট থেকে ছয়টি ও কাজিরহাট ঘাট থেকে তিনটি স্পিড নিয়মিত যাত্রী পারাপার করছে। দৌলতদিয়া ঘাটে দেখা যায়, লঞ্চঘাটের পাশেই স্পিডবোটে যাত্রী ওঠানামা করা হয়। কাজিরহাট থেকে আসা একটি স্পিডবোট দৌলতদিয়ায় ভিড়লে তাতে ২০ জন যাত্রী বহন করতে দেখা যায়। ধারণক্ষমতা ২৫ জন হলেও ২০ জন যাত্রী বহনের পাশাপাশি জনপ্রতি ২৫০ টাকার পরিবর্তে ভাড়া ৩০০ টাকা করে আদায় করা হচ্ছে। স্পিডবোট চালক কাজিরহাটের বকুল সরদার বলেন, ঘাট ছাড়ার আগে যাত্রীদের হাত ধুইয়ে, জীবাণুনাশক স্প্রে করে তবেই বোটে ওঠানো হয়। এছাড়া ২৫-২৬ জন যাত্রী বহন করা গেলেও সামাজিক দূরত্ব বজায় রাখতে কম তুলে আনা হচ্ছে। বোটে এত যাত্রী বহনে সামাজিক দূরত্ব কতটুকু বজায় থাকল জানতে চাইলে বলেন, অনেক দিন পর বোট চালু হওয়ায় যাত্রী বেশি হচ্ছে। লঞ্চঘাটে কর্মরত বিআইডব্লিউটিএর ট্রাফিক পরিদর্শক আফতাব উদ্দিন বলেন, দৌলতদিয়া-কাজিরহাট নৌপথে স্পিডবোটে অবৈধভাবে যাত্রী পারাপার করছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের অনুমোদন নিতে অনুরোধ করেছি। যাত্রী বহনে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে চলার অনুরোধ করেছি। দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মুন্নাফ আলী বলেন, ঘাটে সামাজিক দূরত্ব বজায় না রাখা বা আইনশৃঙ্খলার বিষয়টি আমরা দেখব।
