খুলনা অফিস
খুলনায় ৭ জুন বাঙালির মুক্তির সনদ ৬ দফা দিবস উপলক্ষ্যে জেলা জাতীয় পার্টি-জেপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় নগরীর ১২ কেসিসি সুপার মার্কেটের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেপির প্রেসিডিয়াম সদস্য শরীফ শফিকুল হামিদ চন্দন বলেন, বাঙালির মুক্তি সনদ ৬ দফা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিচক্ষণ নেতৃত্বে প্রণয়ন করা হয়েছিল। এই ৬ দফা আন্দোলনের কারণেই তদানিন্তন পাকিস্তানের স্বৈরাচারী শাসক গোষ্ঠীর ভিত্তি নড়ে যায়। এরপর ১৯৭১ সালের মুক্তির সংগ্রামের মাধ্যমে আমরা একটি স্বাধীন রাষ্ট্র অর্জন করি। তিনি এই স্বাধীনতা রক্ষার জন্য দেশের মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থেকে যেকোনো প্রকার সংকট মোকাবিলার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন জেলা জেপির সিনিয়র সহসভাপতি ড. এস এম জাকারিয়া। জেলা জেপির সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন হাওলাদারের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর জেপির সভাপতি এম এস রাশিদা করিম ও সাম্যবাদী দলের খুলনা জেলা শাখার সভাপতি এফ এম ইকবাল। বক্তৃতা করেন, চৌধুরী হাবিবুর রহমান, ডা. নজরুল ইসলাম খান, ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম, মো. আব্দুস সামাদ, আবু জাফর, মোয়াজ্জেম হোসেন, ইব্রাহিম হোসেন প্রমুখ।
