জুড়ীতে জমিজমা নিয়ে সংঘর্ষে নিহত একজন

আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ২১:২০

জেলার জুড়ী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে তাহের আলী (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন ৬ জন। গতকাল মঙ্গলবার দুপুরে জুড়ি উপজেলার জায়ফরনগর ইউনিয়নের পশ্চিম গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাহের আলী একই ইউনিয়নের কালীনগর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসীসূত্রে জানা যায়, বোরো জমি নিয়ে এলাকার তাহের আলী ও চান মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। দুপুরে বিবদমান দুই গ্রুপ একই জমিতে ব্যুরো ধানের চারা রোপণ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে তাহের আলীসহ উভয়পক্ষের ছয়-সাত জন গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক তাহের আলীকে মৃত ঘোষণা করেন।

জুড়ী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকা থেকে তিনজনকে আটক করেছে জুড়ি থানা পুলিশ।