শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
পূর্ব সুন্দরবনের ছাপড়াখালী এলাকায় বিষ দিয়ে মাছ ধরার সময় বনরক্ষীরা বিষের বোতল, ট্রলার ও নৌকাসহ ছয় জেলেকে আটক করেছেন। রবিবার দুপুরে তাদের বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. বেলায়েত হোসেন জানান, শনিবার সন্ধ্যায় কটকা ফরেস্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা তাদের আটক করেন। এ সময় ইঞ্জিনচালিত ট্রলার ও একটি নৌকা জব্দ করা হয়। পরে ট্রলার ও নৌকায় তল্লাশি চালিয়ে বিষ দিয়ে ধরা ৯৮ কেজি চিংড়ি ও ১৩০ কেজি সাদা মাছ এবং দুই বোতল কীটনাশক উদ্ধার করা হয়। শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, বিভাগীয় বন মামলা রেকর্ড করে জেলেদের বাগেরহাট আদালতে চালান ও উদ্ধারকৃত বিষমিশ্রিত মাছ মাটিচাপা দেওয়া হয়েছে।
