সালথায় চাচার হাতে ভাতিজা খুন

আপডেট : ০৭ জুন ২০২০, ২১:২৩

সালথা (ফরিদপুর) সংবাদদাতা

সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে চাচা দাউদ খানের ধারালো অস্ত্রের আঘাতে ভাতিজা হামিদ খান (২৫) নিহত হয়েছে। শনিবার রাত ১০টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের বড়ো বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। রবিবার ভোরে গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়। নিহত হামিদ ঐ গ্রামের মহিউদ্দিন খানের ছেলে।

এলাকাবাসী জানায়, পারিবারিক সম্পত্তি বিরোধের জের ধরে শনিবার রাতে চাচার ধারালো অস্ত্রের আঘাতে ভাতিজা গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিত্সকরা ঢাকা রেফার করেন। ঢাকা নেওয়ার পথে রবিবার সকাল ৫টার দিকে হামিদ খান মারা যায়। এ ঘটনায় আহত হয়ে আরো চার জন হাসপাতালে ভর্তি আছে।

সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।