ওষুধের পাতায় মূল্য ও মেয়াদ সংযোজন করা উচিত

আপডেট : ০৭ জুন ২০২০, ২১:৫০

অন্যান্য পণ্যের মতো ওষুধের দাম সম্পর্কে রোগীদের সুস্পষ্ট ধারণা থাকে না। ওষুধের দাম প্রতি পাতায়       (টেবলেট ও ক্যাপসুল) লেখা থাকে না। লেখা থাকে ৫ পাতা বা ১০ পাতার একটি বাক্সে। বেশিরভাগ ক্ষেত্রে রোগীদের পাতা ও নির্দিষ্ট সংখ্যার ওষুধ কিনতে হয়। যার কারণে প্যাকেটের গায়ে দাম ও মেয়াদ দেখার সুযোগ পান না ক্রেতারা। এই সুযোগ কাজে লাগিয়ে দাম বৃদ্ধি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করতে দ্বিধা করে না অসাধু বিক্রেতা ও ফার্মেসিগুলো। যার কারণে জনস্বাস্থ্যঝুঁকি বাড়ছে, পাশাপাশি সার্বিক চিকিত্সাব্যয়ও বেড়ে যাচ্ছে। জনস্বাস্থ্য রক্ষায় জেলা-উপজেলা পর্যায়ে বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনাসহ মেয়াদোত্তীর্ণ ও উচ্চ মূল্যে ওষুধ বিক্রি বন্ধে ব্যবস্থা নিতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. সাইমুন

শিক্ষার্থী, সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম