৫০০ কোটি টাকার বিশেষ ঋণসুবিধা চায় বারভিডা

আপডেট : ০৭ জুন ২০২০, ২১:৫১

ইত্তেফাক রিপোর্ট

করোনা পরিস্থিতি কাটিয়ে উঠতে সরকারের কাছে ৫০০ কোটি টাকার বিশেষ ঋণসুবিধা চেয়েছে রিকন্ডিশন্ড গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডা। একই সঙ্গে বন্দরে আটকে থাকা ৮ হাজার গাড়ির দুই মাসের চার্জ মওকুফ করার দাবিও জানিয়েছে তারা। সম্প্রতি  এক অনলাইন সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

সরকার উত্পাদনশীল খাতের উদ্যোক্তাদের জন্য প্রণোদনার আওতায় প্রায় ৮০ হাজার কোটি টাকার ঋণসুবিধা দিয়েছে। তবে ঐ তালিকায় নেই বারভিডার সদস্যরা। সংবাদ সম্মেলনে সংগঠনের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, আমাদের প্রস্তাবিত ঋণের গ্যারান্টার হবে বারভিডা। এসব ঋণ শতভাগ নিরাপদ। এই ঋণ অনুমোদনের পাশাপাশি এবং বন্দরের চার্জ মওকুফ করা হলে বন্দরে আটকে থাকা গাড়ি খালাস করে সরকারের ঘরে ১ হাজার কোটি টাকার রাজস্ব প্রদান করা সম্ভব হবে।

তিনি জানান, গত বছর সরকার এ খাত থেকে রাজস্ব আদায় করেছে প্রায় দেড় হাজার কোটি টাকা। বারভিডার পক্ষ থেকে জানানো হয়, গত অর্থবছরে নতুন ও পুরোনো মিলিয়ে বিআরটিএতে প্রায় ১৪ হাজার গাড়ির নতুন নিবন্ধন হয়েছে। চলতি বছর এ পর্যন্ত ৬ হাজার গাড়ি নতুন এসেছে।