সিলেট অফিস
করোনার সুযোগে সিলেট নগরীতে ছিনতাইকারীরা বেশ সক্রিয় হয়ে উঠেছে। তারা মাস্ক লাগিয়ে নিরাপদে চলাচল করে। আর সুযোগ বুঝেই ছিনতাই-এ লেগে যাচ্ছে। ইদানিং নগরীতে বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনায় নগরবাসী উদ্বিগ্ন হয়ে উঠেছেন।
রবিবার নগরীর পাঠানটুলায় ব্যাংক থেকে টাকা তোলে রাস্তায় আসতে না আসতেই এক ব্যক্তিকে ছিনতাইকারীরা জাপটে ধরে গাড়িতে তুলে নিয়ে পার্শ্ববর্তী চা-বাগানে নিয়ে মারধর করে তার কাছ থেকে ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে ছিনতাইকারীরা তাকে সেখানেই ফেলে রেখে যায়।
সিলেট নগরীর মদিনা মার্কেটের শাপলা গলির বাসিন্দা আব্দুল হক পাঠানটুলা রূপালী ব্যাংকের শাখা থেকে ব্যক্তিগত তিন লক্ষ টাকা তুলেন দুপুর ১২টার দিকে। টাকাগুলো নিয়ে ব্যাংকের নিচে নামতেই সিএনজি অটোরিকশাযোগে ৩-৪ জন ছিনতাইকারী এসে তাকে ঝাপটে ধরে এবং ধারালো অস্ত্রের মুখে সিএনজি অটোরিকশায় তুলে গোয়াবাড়ি এলাকার চা বাগানে নিয়ে যায়। সেখানে গিয়ে আব্দুল হকের মাথায় এবং ধারালো ক্ষুর দিয়ে হাতে আঘাত করে তিন লাখ টাকা নিয়ে ছিনিয়ে নিয়ে যায়। পরে আশেপাশের লোকজন তাকে একটি গাড়িতে করে বাসায় পাঠায়। আব্দুল হক সংবাদ মাধ্যমকে জানান, তাদের মুখে মাস্ক ছিল, তাই চেনা যায়নি।
