বদরগঞ্জে ২০ হাজার গাছের চারা রোপণ ও বিতরণ কার্যক্রম

আপডেট : ০৭ জুন ২০২০, ২১:৫৪

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুরের বদরগঞ্জে ২০ হাজার গাছের চারা রোপণ ও বিতরণ কার্যক্রম শুরু করেছে মুচিরহাট সিনিয়র ইয়াং স্টার ক্লাব। ‘বাঁচাবো পৃথিবী-বাঁচবো আমরা’ স্লোগানে সবুজ বনায়নের লক্ষ্যে এই কার্যক্রম শুরু হয়েছে। রবিবার দুপুরে বদরগঞ্জের গোপীনাথপুর ইউনিয়নের বুড়িপুকুর পূর্বপাড়া গ্রামে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বদরগঞ্জ বন বিভাগের সহযোগিতায় বুড়িপুকুর পূর্বপাড়া গ্রাম থেকে শালবাড়ী গ্রামীণ সড়কের দুই ধারের প্রায় পাঁচ কিলোমিটার পর্যন্ত গাছের চারা রোপণ করা হয়। এ সময় সেখানে স্থানীয় কৃষক ও স্কুলকলেজের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির প্রায় পাঁচ শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারাও বিতরণ করা হয়। পরে মুচিরহাট সিনিয়র ইয়াং স্টার ক্লাব কার্যালয়ে সামাজিক বনায়নের গুরুত্ব নিয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা বন বিভাগের অতিরিক্ত দায়িত্ব ও গঙ্গাচড়া উপজেলা বন কর্মকর্তা মো. আখতারুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন বদরগঞ্জ উপজেলা বন কর্মকর্তা মোরশেদ আলম, গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন সেভেন্টি, স্থানীয় ইউপি সদস্য লুত্ফর রহমান, ঢাবির স্যার এ এফ রহমান হল ছাত্র সংসদের ভিপি আব্দুল আলীম খান, নারীনেত্রী ও সাংবাদিক আফরোজা বেগম। এতে ক্লাবের সাধারণ সম্পাদক এনামুল কবির মানিকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সিনিয়র ইয়াং স্টার ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ।