সাভারে পরিবহনে চাঁদাবাজির ঘটনায় চার দিনে সাত মামলা, আটক ১৯

আপডেট : ০৭ জুন ২০২০, ২১:৫৫

ইত্তেফাক রিপোর্ট

সাভার ও আশুলিয়া থানায় গত চার দিনে গণপরিবহনে চাঁদাবাজির অভিযোগে পৃথক সাতটি মামলায় দায়ের করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গল, বৃহস্পতি, শুক্র ও শনিবার সাভার ও আশুলিয়া এলাকায় পরিবহন সেক্টরে চাঁদাবাজি ও অরাজকতা সৃষ্টির অভিযোগে সাভার মডেল থানায় চারটি এবং আশুলিয়া থানায় তিনটি মামলা দায়ের হয়। এরমধ্যে সাভার মডেল থানার চারটি মামলায় ২৫ আসামির মধ্যে ১০ জনকে গ্রেফতার এবং আশুলিয়া থানার তিনটি মামলায় ১৭ আসামির মধ্যে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, সাভার ও আশুলিয়ার বিভিন্ন রুটে চলাচল করা ছোটো-বড়ো সব গণপরিবহন থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছে একাধিক চক্র। বিভিন্ন পরিবহনশ্রমিক সংগঠন ছাড়াও এলাকার চিহ্নিত চাঁদাবাজরা এ চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছে। একাধিক পরিবহন শ্রমিক জানান, চাঁদাবাজদের চাঁদা না দিলে সড়কে গড়ি চলাচলে বাধা দেওয়াসহ বিভিন্নভাবে হয়রানি করা হয়। মূলত সাভার ও আশুলিয়ার এলাকার সংযোগ সড়কগুলোতে এসব চাঁদাবাজ জোরপূর্বক চাঁদা আদায় করে থাকে।  

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, সম্প্রতি আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) পরিবহন সেক্টরের চাঁদাবাজদের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি দেওয়ার পর থেকেই এ অভিযান শুরু হয়েছে। সাভার উপজেলার দুইটি  থানায় পরিবহন সেক্টরে চাঁদাবাজিসংক্রান্ত সাতটি মামলার মধ্যে ছয়টি দ্রুত বিচার আইনের মামলা। ইতিমধ্যে মামলার অনেক আসামিকেই গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদেরও দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।