স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ জেলাকে আবারও ‘রেড জোন’ হিসেবে উল্লেখ করে তিনটি এলাকাকে অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনায় এনে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। রবিবার সকাল থেকে এই আদেশ কার্যকর করা হয় এবং বিষয়টি মানুষকে জানাতে মাইকিং করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ জসীম উদ্দিন। দুপুরে জেলা প্রশাসক তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, পরিস্থিতি বিবেচনা করে করোনার অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে শহরের আমলাপাড়া, জামতলা এবং ফতুল্লার ভুঁইগড়ের রূপায়ন টাউনকে লকডাউনের আওতায় আনা হয়েছে। এই তিনটি এলাকাকে ১৫ থেকে ২১ দিন পর্যন্ত পর্যবেক্ষণ করা হবে। পরিস্থিতির উন্নতি হলে পর্যায়ক্রমে অন্যান্য ঝুুঁকিপূর্ণ এলাকাগুলোর ওপর এই বিধিনিষেধ আরোপ করা হবে। লকডাউন ঘোষিত এলাকার কোনো ব্যক্তি বের হয়ে অন্য এলাকায় প্রবেশ করতে পারবেন না এবং অন্য এলাকা থেকেও কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।
জেলা প্রশাসক আরো জানান, এসব এলাকায় গণপরিবহন চলাচল বন্ধ থাকবে এবং কাঁচাবাজার বন্ধ রেখে ভ্রাম্যমাণ বাজারের ব্যবস্থা করা হবে। ধর্মীয় উপাসনালয়গুলোতে শুধু কর্মচারী ব্যতীত অন্যদের যাতায়াত আপাতত নিষিদ্ধ করা হয়েছে। তবে খাবারের চাহিদা পূরণে প্রয়োজনে জেলা প্রশাসন থেকে খাদ্যসামগ্রী সরবরাহ করা হবে। পাশাপাশি মোবাইল ফোনের মাধ্যমে টেলিমেডিসিন সেবা প্রদানের কথাও জানান তিনি। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ ও জেলা পুলিশের করোনা ফোকালপার্সন অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি ইমরান সিদ্দিকী। এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নারায়ণগঞ্জে এ পর্যন্ত সাড়ে ৩ হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৮৫ জনের। সুস্থ হয়েছেন ৯১০ জন।
