দুদকের মামলায় ডিআইজি মিজানের ভাগনেকে কারাগারে থাকতে হচ্ছে

আপডেট : ০৭ জুন ২০২০, ২২:৫৭

ইত্তেফাক রিপোর্ট

অবৈধ সম্পদ অর্জনের মামলায় জামিন পাননি সাময়িক বরখাস্তকৃত পুলিশের ডিআইজি মিজানুর রহমানের ভাগনে মাহমুদুল হাসান। হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের একক ভার্চুয়াল বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন।

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে গত বছরের ২৪ জুন দুদক ডিআইজি মিজান, তার স্ত্রী ও ভাগনেসহ চার জনের বিরুদ্ধে মামলা করে। ঐ মামলায় আসামিদের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৩ কোটি ৭ লাখ ৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন মিজান ও তার ভাগনে পুলিশের এসআই মাহমুদুল। আদালতে তার পক্ষে আইনজীবী মোতাহার হোসেন সাজু, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক এবং দুদকের পক্ষে মো. খুরশীদ আলম খান শুনানি করেন। আইনজীবীরা জানান, হাইকোর্ট জামিন না দিয়ে কোর্ট খোলার পর আসামিকে নিয়মিত বেঞ্চে আবেদন করতে বলেছেন।

মাহমুদুল হাসান ২০১৭ সালের ২৬ আগস্ট পুলিশের এসআই পদে যোগ দেন। মামলার অভিযোগে বলা হয়, আসামি মিজান তার ভাগনে মাহমুদুলের নামে ২৪ লাখ ২১ হাজার ২২৫ টাকায় শুলশান-১-এর পুলিশ প্লাজা কনকর্ডে একটি দোকান বরাদ্দ দেন। এছাড়া ভাগনের নামে ২০১৩ সালের ২৫ নভেম্বর একটি ব্যাংকে এফডিআর অ্যাকাউন্ট করে ৩০ লাখ টাকা জমা করেন। দুদকের অনুসন্ধান চালুর পরে সে টাকা ভাঙ্গিয়ে সুদে আসলে ৩৮ লাখ ৮৮ হাজার ৫৭ টাকা তুলে নেন আসামিরা।