ফেনীর সোনাগাজীতে দুর্বৃত্তদের বর্বরতার কাছে হার মেনেছে মানবিকতা। প্রতিহিংসাবশত দরিদ্র কৃষকের অন্তঃসত্ত্বা একটি গাভী চুরি করে জবাইয়ের পর মাথা ও চামড়া গাছে ঝুলিয়ে রেখে মাংস নিয়ে পালিয়েছে তারা। ফেলে রেখে গেছে মৃত বাছুরটিকে। এক বছরের ব্যবধানে একই কায়দায় দুটি গরু হারিয়ে নিঃস্ব এখন কৃষক আবুল হোসেন।
গত শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের সেনেরখিল গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পেছনে খালপাড়ে। এ ঘটনায় শনিবার রাতে কৃষকের ছেলে নজরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেনেরখিল গ্রামের কৃষক আবুল হোসেন পারিবারিক ব্যয় মেটাতে দুটি দুধের গাভী পালন করতেন। এর আগে ২০১৯ সালের ২২ জুন একটি গাভী অজ্ঞাত দুর্বৃত্তরা চুরি করে নিয়ে একই কায়দায় মৃত বাছুর রেখে মাংস লুটে নেয়। ঠিক এক বছর পর আবারও একই ভাবে দ্বিতীয় গাভীটিও চুরি করে নৃশংসভাবে জবাই করা হলো।
কৃষক আবুল হোসেন বলেন, আমার পরিবার চালানোর একমাত্র অবলম্বন দুধের গাভীটিও শেষ করে দিল দুর্বৃত্তরা। এলাকায় আমার কোনো শত্রু নেই। এটা প্রতিহিংসাবশত নাকি নিছক চুরির ঘটনা তিনি নিশ্চিত হতে পারছেন না।
মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল জানান, ঐ কৃষকের সঙ্গে এমন অমানবিক আচরণ দুঃখজনক। আমরা ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের চেষ্ট করছি।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
