করোনায় কক্সবাজারের সিনিয়র সাংবাদিক মোনায়েম খানের মৃত্যু

আপডেট : ০৭ জুন ২০২০, ২৩:০২

পর্যটন উদ্যোক্তা ডালিমের পর এবার করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন কক্সবাজারের সিনিয়র সাংবাদিক আবদুল মোনায়েম খান। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল রবিবার বেলা ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। সাংবাদিক আবদুল মোনায়েম খান (৫৪) কক্সবাজার শহরের তারাবুনিয়ার ছরা কবরস্থান রোডের মরহুম কানুনগো বদিউল আলমের বড়ো ছেলে। তিনি ইংরেজি দৈনিক ডেইলি স্টার, নিউ এইজ, ডেইলি সান পত্রিকার পর ডেইলি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি দৈনিক কক্সবাজারসহ স্থানীয় একাধিক পত্রিকায় কাজ করেছেন। তিনি সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সিনিয়র সদস্য।

পারিবারিক সূত্র জানায়, সাংবাদিক আবদুল মোনায়েম খান গত মে মাসের মাঝামাঝি থেকে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন। তার ছেলে কলেজছাত্র মোহাইমেনও অসুস্থ ছিল।                 ৩০ মে পিতা-পুত্রের করোনা স্যাম্পল টেস্টে দেওয়া হয়। ৩১ মে দুজনেরই করোনা পজিটিভ রিপোর্ট আসে। ১ জুন রাতে আবদুল মোনায়েম খানকে উখিয়া এনজিও পরিচালিত আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় চিকিত্সকদের পরামর্শে গত ৩ জুন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে তাকে চিকিত্সাসেবা দেওয়া হচ্ছিল। শনিবার রাত থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। খবর জেনে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাসিরের সহায়তায় একই হাসপাতালে তার জন্য আইসিইউর ব্যবস্থা করা হয়। কিন্তু শেষ রক্ষা হলো না। শেষ পর্যন্ত চলে গেলেন তিনি না ফেরার দেশে।