বিশ্বে করোনায় মৃত্যু ৪ লাখ ছাড়াল

আপডেট : ০৭ জুন ২০২০, ২৩:০৪

বিশ্ব জুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে সৃষ্ট কোভিড-১৯ রোগে ৪ লাখের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। সবচেয়ে বেশি মারা গেছে যুক্তরাষ্ট্রে। সম্প্রতি বেশি মৃত্যু ও আক্রান্তের নিরিখে এগিয়ে যাওয়া ব্রাজিলের সরকার করোনা সংক্রান্ত সব তথ্য ওয়েবসাইট থেকে গায়েব করে দিয়েছে। ভারত সংক্রমণের বিবেচনায় এবার স্পেনকে ছাড়িয়ে তালিকার পঞ্চম স্থানে পৌঁছে গেছে।

মৃতের সংখ্যা চার লাখ অতিক্রম

জন্স হপকিন্স ইউনিভার্সিটি জানিয়েছে, মৃতের সংখ্যার দিক থেকে সবার ওপরে আছে আমেরিকা, যেখানে মারা গেছে ১ লাখ ১০ হাজারের মতো মানুষ। ব্রিটেনে সাড়ে ৪০ হাজার,               ব্রাজিলে প্রায় ৩৬ হাজার, ইতালিতে ৩৩ হাজার ৮৪৬, ফ্রান্সে ২৯ হাজারের বেশি এবং স্পেনে ২৭ হাজারের অধিক মানুষের মৃত্যু হয়েছে। সারা বিশ্বে মোট মৃত্যুর সংখ্যা ৪ লাখ ৩৭৫ জন এবং আক্রান্ত ৬৯ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ।

ভারত ও ব্রাজিলসহ অন্যান্য দেশের অবস্থা

২৪ ঘণ্টায় ভারতে ২৮৭ জন মারা গেছে এবং আক্রান্ত ৯ হাজার ৯৭১ জন। ভারতে মোট রোগীর সংখ্যা প্রায় আড়াই লাখ। দেশটিতে ১ লাখ ২০ হাজারের মতো রোগী সুস্থ হয়েছে। মারা গেছে প্রায় সাত হাজার মানুষ। দেশটি আক্রান্তের নিরিখে বিশ্বে এখন পঞ্চম স্থানে। ব্রাজিল সরকার ওয়েবাসইট থেকে কোভিড-১৯ সংক্রান্ত কয়েক মাসের তথ্য গায়েব করে দিয়েছে। মহামারি মোকাবিলা নিয়ে প্রেসিডেন্ট জেয়ার বোলসোনারো সমালোচনার মুখে পড়ার পর তথ্য গায়েবের ঘটনা ঘটল। স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, তারা শুধু ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃতের হিসাব দেবে। আক্রান্তের হিসাবে ব্রাজিল বিশ্বে দ্বিতীয়। অন্য যে কোনো দেশের তুলনায় সম্প্রতি ব্রাজিলে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। আফগানিস্তানে একদিনে ৩০ জনের মৃত্যু হয়েছে। ২৩ জনই মারা গেছে রাজধানী কাবুলে। ব্রিটিশ সরকারের উপদেষ্টা অধ্যাপক জন এডমান্ডস বলেছেন, দেশটি আরো আগে লকডাউন জারি করতে ব্যর্থ হওয়ায় অনেক প্রাণহানি ঘটেছে। তবে স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, সরকার সঠিক সময়ে সঠিক পদক্ষেপই নিয়েছে।

যুক্তরাষ্ট্র-চীন নতুন বিতণ্ডা

চীন বলছে, তারা আমেরিকাকে করোনা ভাইরাস পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছিল ৪ জানুয়ারি। চীন একটি নথি আবার প্রকাশ করেছে যাতে আমেরিকাকে বিস্তারিতভাবে জানানো হয়েছিল কীভাবে তারা এই ভাইরাস মোকাবিলা করছে। ট্রাম্প প্রশাসন কোভিড-১৯ নিয়ে তথ্য গোপনের অভিযোগ তুলে আবার চীনের সমালোচনা করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ মার্কিন সিনেটার রিক স্কটের অভিযোগ, চীন পশ্চিমের দেশগুলোকে করোনার ভ্যাকসিন তৈরিতে বাধা দিচ্ছে। তবে তথ্য সম্পর্কে বিস্তারিত কিছু তিনি বলেননি।