ভার্চুয়াল কোর্টে মামলা পরিচালনা করায় ১৫ আইনজীবীর সদস্যপদ স্থগিতসহ গাইবান্ধা জেলা আইনজীবী সমিতির নেওয়া একাধিক সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট। ভার্চুয়াল কোর্টে মামলা পরিচালনা না করা সংক্রান্ত সমিতির নোটিশ হাইকোর্টের নজরে আনেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসানের একক ভার্চুয়াল বেঞ্চ গতকাল রবিবার নোটিশের কার্যকারিতা স্থগিত করে দেন। একই সঙ্গে ভার্চুয়াল কোর্টে মামলা পরিচালনায় ইচ্ছুক আইনজীবীদের কোনো ধরনের বাধা না দিতে সংশ্লিষ্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
আইনজীবীরা জানিয়েছেন, এর ফলে ভার্চুয়াল কোর্টে মামলা পরিচালনা করতে কোনো সমিতি আইনজীবীদের বাধা দিতে পারবে না।
ভার্চুয়াল কোর্টে মামলা করায় ১৫ আইনজীবীর সদস্যপদ আপাতত স্থগিত করে দেয় গাইবান্ধা জেলা আইনজীবী সমিতি। পাশাপাশি তাদের সদস্যপদ কেন বাতিল করা হবে না এই মর্মে নোটিশ দেওয়া হয়। ঐ সিদ্ধান্তের বিরুদ্ধে বার কাউন্সিলে আপিল করেন আইনজীবীরা। পরে ভার্চুয়াল কোর্টের বিরুদ্ধে গাইবান্ধা জেলা আইনজীবী সমিতির নেওয়া সিদ্ধান্তের বিষয়সমূহ হাইকোর্টের নজরে আনা হয়। এর পরই হাইকোর্ট উপরোক্ত আদেশ দেয়।
পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, রাষ্ট্র আইন করে ভার্চুয়াল কোর্টের ব্যবস্থা করেছে। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ঐ আইনজীবীরা ভার্চুয়াল কোর্টে মামলা পরিচালনা করেছে। এজন্য সমিতি তাদের সদস্যপদ স্থগিতের নোটিশ দেয়, যা আইন বিরোধী। শুনানি নিয়ে হাইকোর্ট সমিতির সিদ্ধান্ত ও নোটিশের কার্যকারিতা স্থগিত করেছে।
