করোনায় আক্রান্ত মন্ত্রী বীর বাহাদুর ঢাকার সিএমএইচে ভর্তি

আপডেট : ০৭ জুন ২০২০, ২৩:১৬

করোনা ভাইরাসে আক্রান্ত পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে উন্নত চিকিত্সার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয়েছে। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করে তাকে চিকিত্সা দেওয়া হচ্ছে। বাংলাদেশে এই প্রথম কোনো মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন।              গতকাল রবিবার বেলা সোয়া ১১টার দিকে বান্দরবান ক্যান্টনমেন্ট থেকে মন্ত্রীকে নিয়ে বিমান বাহিনীর হেলিকপ্টারটি ঢাকার উদ্দেশে রওনা হয়। দুপুর পৌনে ১টায় হেলিকপ্টারটি ঢাকায় অবতরণ করে। এ সময় তার বড়ো ছেলে ও কন্যা সঙ্গে ছিলেন। এর আগে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের সহকারী একান্ত সচিব (এপিএস) সাদেক হোসেন চৌধুরী বলেন, মন্ত্রীর শারীরিক অবস্থা মোটামুটি ভালো। আগে থেকেই শ্বাসকষ্ট ছিল তার। তবে এখন শ্বাসকষ্ট আরো বেড়েছে। নেবুলাইজার মেশিনে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন তিনি। তার জ্বর ছিল না। আগে থেকেই একটু কাশি ছিল। অবস্থা আশঙ্কাজনক হওয়ার মতো কিছু নেই। উন্নত চিকিত্সার জন্য তাকে সিএমএইচে নেওয়া হয়েছে।

সাদেক হোসেন চৌধুরী বলেন, অসুস্থবোধ করলে মন্ত্রীর নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে পাঠান চিকিত্সকরা। শনিবার কক্সবাজার ল্যাবের পরীক্ষায় তার করোনা ভাইরাস পজিটিভ রিপোর্ট আসে। বেশ কিছুদিন ধরে মন্ত্রী নির্বাচনি এলাকায় করোনাকালীন ত্রাণ বিতরণ ও এ সংক্রান্ত কার্যক্রম তদারকি করছিলেন। এ সময়ে তিনি আক্রান্ত হন।

টানা ছয়বার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বীর বাহাদুর উশৈসিং। ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকা অবস্থায় ১৯৮৯ সালে স্থানীয় সরকার পরিষদের সদস্য নির্বাচিত হন বীর বাহাদুর। ১৯৯১ সালে বান্দরবান আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে জয়ের ধারাবাহিকতা ধরে রাখেন তিনি। চলতি মেয়াদে প্রতিমন্ত্রী থেকে তাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।