ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক নির্বাচিত ওয়ার্ড কমিশনার আহসান উল্লাহ হাসান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল রোববার রাত পৌনে ৯টায় তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি দুই পুত্র ও স্ত্রীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ জানান, আহসান উল্লাহ রাজধানীর সাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। করোনায় অসুস্থতা বাড়ার কারণে তাকে এই হাসপাতালে নেওয়া হয়। আহসান উল্লাহ হাসান গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনে বিএনপির প্রার্থী ছিলেন।
তিনি অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের দুইবার নির্বাচিত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। আহসান উল্লাহ হাসানের স্ত্রী রিনা হাসানও করোনা আক্রান্ত হয়ে শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, গতকাল দুপুর ২টা ১০ মিনিটে গুলশান শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। রাত ৮টা ৪৫ মিনিটে করোনা পজিটিভে ইন্তেকাল করেছেন। পল্লবীতে জানাজা শেষে পারিবারিক সিদ্ধান্তে দাফন করা হবে হাসানের।
