বাংলাদেশে ক্রেডিট ইউনিয়নসমূহের শীর্ষ প্রতিষ্ঠান দ্য কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লি. (কালব)-এর চেয়ারম্যান জোনাস ঢাকী বিপর্যয়ের মুখে পড়া দেশের ক্রেডিট ইউনিয়ন সমিতিসমূহ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, ১৯৫৫ সাল থেকে বহু ত্যাগ আর শ্রম দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা ক্রেডিট ইউনিয়নগুলো সরকারি-বেসরকারি দান-অনুদান ছাড়াই নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা চালিয়ে যাচ্ছ। কিন্তু আকস্মিকভাবে করোনার আক্রমণে ক্রেডিট ইউনিয়ন সমিতিগুলোর লেনদেনসহ সব কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। সমিতিতে দরিদ্র সদস্যদের গচ্ছিত মূল পুঁজি ভেঙে সমিতির কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। এভাবে ক্রমাগত লোকসানের মুখে পড়ে থমকে গেছে সম্ভাবনাময় এই সমবায় সেক্টর। দেশের আর্থসামাজিক উন্নয়নের স্বার্থে এসব কেডিট ইউনিয়নকে বাঁচিয়ে রাখতে সরকারের পক্ষ থেকে স্বল্প সুদে ঋণ বরাদ্দ ও ধার্যকৃত ১৫ শতাংশ আয়কর মওকুফের মাধ্যমে সমবায়ভিত্তিক ক্রেডিট ইউনিয়নগুলোকে বিপর্যয়ের হাত থেকে রক্ষার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। —প্রেস বিজ্ঞপ্তি
