সীমান্ত বিরোধ নিয়ে ভারত ও চীনের মধ্যে শনিবার সামরিক স্তরে বৈঠকের পর দিল্লি গতকাল রবিবার এক বিবৃতিতে বলেছে, দুই দেশই এই সঙ্কটের শান্তিপূর্ণ সমাধান চাইছে। অন্য দিকে চীনের পক্ষ থেকে সরকারিভাবে কোনো বক্তব্য না এলেও সে দেশের রাষ্ট্রীয় মুখপত্র গ্লোবাল টাইমসে গতকাল একটি সেনা মুভমেন্টের খবর দিয়ে জানানো হয়েছে, মধ্য চীনের হুবেই প্রদেশে থেকে মাত্র কয়েক ঘন্টার মধ্যে বিমানবাহিনীর সদস্যরা লাদাখ সীমান্তে উড়ে গেছে। পাশাপাশি ভারতের সামরিক সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে, লাদাখ সীমান্তের এই বিরোধ যে খুব দ্রুত মিটবে না, সেটা শনিবার দু’পক্ষের অনড় অবস্থান থেকেই অনেকটা পরিষ্কার হয়ে গেছে।
মাসখানেকের ওপর হল লাদাখ সীমান্তের গালওয়ান ভ্যালি ও প্যাংগং লেক এলাকায় দু’দেশের সেনা মোতায়েনকে ঘিরে ভারত-চীন সম্পর্কে তীব্র উত্তেজনা চলছে। এই উত্তেজনার নিরসনে ভারত যে সামরিক পর্যায়ে বৈঠকের প্রস্তাব দিয়েছিল, চীন তাতে রাজি হওয়ার পর শনিবার পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চীনের অভ্যন্তরে মালডোতে ‘বর্ডার পার্সোনেল মিটিং পয়েন্টে’ বৈঠকে বসেন দু’দেশের সেনা কর্মকর্তারা। ভারতের পক্ষে প্রতিনিধিত্ব করেন ফোর্টিন্থ কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং আর চীনের পক্ষে নেতৃত্ব দেন তিব্বত মিলিটারি ডিস্ট্রিক্ট’র কমান্ডার। -বিবিসি
