‘৪৮ ঘন্টার মধ্যে ব্রেক্সিট চুক্তি হতে পারে’

আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ০০:৪৮

ব্রেক্সিট চুক্তির খসড়া নিয়ে ঐকমত্যে পৌছেছে ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন। আজ বুধবার ক্যাবিনেটের জরুরি সভা অনুষ্ঠিত হবে। এর আগে প্রধানমন্ত্রী মে মন্ত্রীদের সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপ করেছেন। দীর্ঘ দুই বছর ধরে ব্রেক্সিট নিয়ে আলোচনার পর অবশেষে দুই পক্ষ একটা সমঝোতায় পৌছেছে বলে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিস সূত্রে জানা গেছে। খসড়া চুক্তি নিয়ে ক্যাবিনেটে আলোচনা হবে। ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে ব্রেক্সিট চুক্তি হতে পারে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র কার্যত উপ-প্রধান বা ক্যাবিনেট মিনিস্টার ডেভিড লিডিংটন। গতকাল তিনি এই তথ্য জানিয়েছেন। তিনি বিবিসি রেডিওকে দেওয়া সাক্ষাত্কারে বলেন, ব্রেক্সিট চুক্তির খুব কাছাকাছি আছি আমরা। ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে হবে কিনা সেই বিষয়ে ডেভিড লিডিংটন বলেন, সেটা হয়তো হতে পারে। নিশ্চিত নয়। ভাল কিছু হবে বলে তিনি আশা করেন। ইইউ এবং ব্রিটেন নির্ধারিত সময়ের মধ্যেই ব্রেক্সিট চুক্তি সম্পন্ন করতে চায়। কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট চুক্তিতে অনুমোদন দেবে কিনা সেই বিষয়ে কিছু জানা যায়নি। ব্রেক্সিট নিয়ে ব্রিটেনে অনেক মতবিরোধ রয়েছে। এর প্রতিবাদে কয়েকজন মন্ত্রীও পদত্যাগ করেছেন। তারা পুনরায় গণভোটের দাবি করেছেন। -রয়টার্স