প্রধানমন্ত্রীকে কোস্টগার্ডের ফুলেল শুভেচ্ছা

আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ২১:৪৬

টানা তৃতীয়বারের মতো নিরঙ্কুশ বিজয় লাভ করায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কোস্টগার্ডের মহাপরিচালক (ডিজি) রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। সোমবার বিকালে গণভবনে তিনি প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এ সময় কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোস্টগার্ড প্রধান বলেন, প্রধানমন্ত্রীর   দূরদর্শী নেতৃত্বের ফলে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে সরকার নির্বাচন করেছেন। যা বাংলাদেশের ৪৭ বছরের এক অনন্য ইতিহাস। কোস্টগার্ড শান্তি ও শৃঙ্খলা রক্ষার পাশাপাশি চোরাচালান নিয়ন্ত্রণ, জননিরাপত্তা, বন্য পশু-পাখি রক্ষায় কাজ করে যাচ্ছে।

বিএসএমএমইউ

ভিসির অভিনন্দন

এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ অভিনন্দন জানিয়ে বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদমুক্ত মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে কোনো বিকল্প নেই। উন্নয়নের গণতন্ত্রের রূপকার শেখ হাসিনার পক্ষেই বাংলাদেশ সঠিকভাবে সঠিকপথে এগিয়ে নেওয়া সম্ভব। দেশের জনগণ আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটকে বিজয়ী করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশকে চলমান উন্নয়নের ধারায় আরও এগিয়ে নেওয়ার কার্যক্রম বেগবান হবে এবং একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনেও তিনি সক্ষম হবেন।

ট্রাক-কাভার্ডভ্যান

মালিক সমিতি

ভোট বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগকে বিজয়ী করার জন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি। ১১তম জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যাশিত বিজয় উপলক্ষে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল এক আলোচনা সভা সংগঠনের সভাপতি হাজী মোঃ তোফাজ্জল হোসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, এই বিজয় দেশ ও দেশের জনগণের অপ্রতিরোধ্য উন্নয়নের জন্য প্রয়োজন ছিল। এই দেশের মানুষ কখনও সিদ্ধান্ত নিতে ভুল করে না এই ভোটের মাধ্যমে তা আরও একবার প্রমাণ হলো। নিরঙ্কুশ বিজয়ের অনেকগুলো কারণের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা, কর্মদক্ষতা, কর্মনিষ্ঠা এবং দেশের জনগণের প্রতি তার কমিটমেন্ট টনিকের মতো কাজ করেছে। বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি সরকারের উন্নয়ন ও অগ্রগতির সঙ্গে সহযোদ্ধা হিসেবে কাজ করে যাবে এবং পরিবহন শিল্পের মালিক ও শ্রমিকদেরও সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ রুস্তম আলী খান, সহ-সভাপতি আমির হোসেন নান্নু, খবির উদ্দিন আহম্মেদ, যুগ্ম সম্পাদক হোসেন আহম্মেদ মজুমদার, ফারুক হোসেন হেলাল, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম খান ভুট্রু, প্রচার সম্পাদক হাজী মোঃ শাজাহানসহ উপস্থিত নেতৃবৃন্দ।